সৌরবিদ্যুৎ সম্প্রসারণে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু । নয়া দিগন্ত

সরকারের অর্থায়নে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে গৃহীত বিশেষ উদ্যোগের আওতায় মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি পিকেএসএফ-কে ৫ শ’ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এই তহবিল থেকে পিকেএসএফ-এর ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হবে। এর ফলে ব্যক্তি, পরিবার ও উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের ঋণসুবিধা পাবেন বলে পিকেএসএফ থেকে জানানো হয়েছে। 

আরো পড়ুন : মাহফিলে জামায়াত এমপির সাথে ‎অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইমাম-খতিবদের দুঃখপ্রকাশ

সংস্থাটি জানায়, পিকেএসএফ-এর সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে এই সুবিধা দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়া হবে। এতে বিদ্যুৎ ব্যয় কমবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

পিকেএসএফ ইতোমধ্যে সকল প্রকার প্রারম্ভিক কর্মকাণ্ড সমাপনান্তে ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ মঞ্জুর করে অর্থ ছাড় শুরু করেছে। এই তহবিলের আওতায় সারা দেশের ২১ হাজার গ্রাহক তাদের প্রতিষ্ঠান বা বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন। 

এই উদ্যোগের ফলে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমবে এবং আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমবে। 

এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণে সার্ভিসখাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিবীক্ষণের ব্যবস্থা করা হয়েছে।