আগুন
আগুন। নয়া দিগন্ত

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইদিন গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাড়িতে অগ্নিসংযোগ ও সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সূত্রমতে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরীর বটতলা এলাকায় নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। পরে বাড়ির গার্ডরুমে অগ্নিসংযোগ করা হয়। তবে অগ্নিসংযোগে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী নানকের বাসভবনে হামলা চালান। তারা ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে বাসভবনের সামনের গার্ডরুমে আগুন ধরিয়ে দেয়া হয়।

গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সদস্য কে এম আহসান ইমাম খায়রুল খান মোবাইলফোনে অভিযোগ করে বলেন, তিনি ও তার ভাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরাত খানের কসবার গ্রামের বাড়িতে হামলা চালানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বিএনপির একদল লোক সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলার সময় বাড়িতে অবস্থানরত নারী ও শিশুরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

তিনি আরো বলেন, দ্বিতীয় দফায় রাত আড়াইটার দিকে বিএনপির নেতাকর্মীরা তার বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে মুহূর্তের মধ্যে পুরো ঘরটি ভস্মিভূত হয়।

অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরনদীর বার্থী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মামুনুর রশিদ মনু মোল্লা মোবাইলফোনে জানান, বুধবার দিবাগত মধ্যরাতে বিএনপির একদল নেতাকর্মী তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ঘরের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে গেছে।

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, এসব ঘটনার সাথে আমাদের কোনো নেতাকর্মীরা জড়িত নেই। তৃতীয় কোনো পক্ষ কিংবা নিজেরা এ ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাঁপানো হচ্ছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিক হাসান রাসেল জানান, এসব ঘটনায় কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ নিজের ফেসবুক পেজে দু’টি ভিডিও প্রকাশ করে এসব কর্মসূচির কথা জানান।

তার দাবি, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে মহানগর যুবলীগের নেতাকর্মীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন।

আবিদের দেয়া তথ্য অনুযায়ী, বরিশাল-ঢাকা মহাসড়কে নগরীর গড়িয়ারপাড় এলাকায় ও বরিশাল-খুলনা মহাসড়কের একটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তবে বরিশাল-খুলনা মহাসড়কের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেননি তিনি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাদের ফ্যাসিস্ট, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দিতে শোনা যায়। তবে সবার মুখে মুখোশ থাকায় বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

এসব বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ নয়া দিগন্তকে বলেন, বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সব সময় তৎপর রয়েছে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কের কোনো অংশে অবরোধ বা প্রতিবন্ধকতা সৃষ্টির খবর ছিল না।

৩৯ ও ৫৬ সেকেন্ডের দু’টি ভিডিওর সূত্র ধরে গড়িয়ারপাড় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতের দিকে মহাসড়কে অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেছে। তবে এ কর্মসূচি দীর্ঘস্থায়ী হয়নি।

এছাড়া বুধবার রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও গড়িয়ারপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। তবে ওই প্রতিবন্ধকতাও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এদিকে রাতভর বরিশাল নগর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিরাপত্তামূলক তৎপরতা দেখা গেছে। বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় মহড়া দিয়েছেন।