
নিজস্ব প্রতিবেদক
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাকে মারধর করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এ ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন বলে জানতে পেরেছি। এভাবে একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিক্যাল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনো তাজা। সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতাকর্মীরা যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন। এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ। এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।
এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল এক বিবৃতিতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীর কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, আইইডিসিআরের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচালকের নিজ কার্যালয়ে এ ধরনের হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা মতপার্থক্য থাকলে তা আইনানুগ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। অধ্যাপক কাজী আহমেদ জাকী অভিযোগ করে বলেন, ‘বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে ঘটনাটি ঘটিয়েছেন।’ এই ঘটনায় প্রমাণিত হয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো মব সৃষ্টি করে দেশে অরাজকতা ও অশান্তি সৃষ্টি করছে। এভাবে আইন নিজের হাতে তুলে নেয়া, দলীয় প্রভাব খাটানো কিংবা সঙ্ঘবদ্ধভাবে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্পেনে দুর্ঘটনায় নিহতদের জন্য শোক: স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৪ জন নিহত এবং আরো অনেকে আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াত আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই কঠিন সময়ে আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং স্পেনের জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করছি। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আমি আশা করি, আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং চলমান উদ্ধার ও জরুরি মানবিক সহায় কার্যক্রমের মাধ্যমে বিপদগ্রস্ত সবার কাছে যথাসম্ভব সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হবে। এই শোকাবহ মুহূর্তে বাংলাদেশ স্পেনের জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








