রাঙ্গুনিয়ায় কৃষক ও লক্ষ্মীপুরে ‘খোরশেদ বাহিনী প্রধান’ খুন

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশের বিভিন্ন স্থানে খুন, অপহরণের পর নৃশংস হত্যা এবং রহস্যজনক মৃত্যুর পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতি পাহারা দেয়ার সময় এক কৃষককে অপহরণের পর হাত ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পাশাপাশি সিলেট ও টাঙ্গাইলে আরো দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
রাঙ্গুনিয়ায় কৃষককে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো: নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষককে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তবর্তী ভান্ডালজুড়ি সড়ক সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নেজাম সরফভাটা ইউনিয়নের মিরেরখিল এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি কৃষিকাজ ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নেজাম স্থানীয় স্লুইস গেট এলাকায় বন্যহাতির উপদ্রব থেকে বর্গাচাষের জমির ধান রক্ষায় পাহারা দিতে যান। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে অপহরণ করে চার কিলোমিটার দূরে গহিন পাহাড়ে নিয়ে যায়। বুধবার সকালে পাহাড়ি এলাকায় তার দুই হাত বিচ্ছিন্ন এবং পেট ও গলায় ধারালো অস্ত্রের আঘাতযুক্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লক্ষ্মীপুরে ‘বাহিনীপ্রধান’ নিহত
লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ‘খোরশেদ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত ছিলেন। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ একই এলাকার রুহুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। নিহতের পরিবার জানায়, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ নামের এক ব্যক্তির সাথে তার বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দু’জন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে পরিবারের লোকজন এগিয়ে গিয়ে জানতে পারেন, ওয়ালিদের গুলিতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জহিরুল ইসলাম জানান, তার বুকে একাধিক গুলির চিহ্ন রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে হত্যা
ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামের এক সেলুন ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রবেন্দ্র ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রঞ্জিত ঋষির ছেলে এবং তিনি ভালুকায় ভাড়াবাড়িতে থেকে সেলুন চালাতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সূচিত্রা জানান, অভিযুক্ত সাদ্দাম প্রায়ই নেশার জন্য তার স্বামীর কাছে টাকা দাবি করতেন এবং সেলুনে চুল কেটে টাকা দিতেন না। এছাড়া প্রায় তিন মাস আগে সাদ্দাম তাদের স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করায় স্থানীয়ভাবে সালিশ হয়েছিল। এসবের জেরে সাদ্দাম তার স্বামীকে এর আগেও হত্যার হুমকি দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সাদ্দাম সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন। প্রাণ বাঁচাতে রবেন্দ্র দৌড়ে পাশের একটি দোকানে ও পরে বাড়ির উঠানে আশ্রয় নিলেও সাদ্দাম তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল ইসলাম জানান, ঘাতককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাটে গৃহবধূর লাশ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাদিয়া বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তুরুকবাগ হাওর এলাকার জামলাকান্দি গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া ওই গ্রামের তানজিল আহমদের (২২) স্ত্রী এবং আজির উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের কোনো একসময় এই ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহজালাল জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্বামী তানজিল আহমদকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘাটাইলে নারীর লাশ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের মাঝখানে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো দ্রুতগতির অজ্ঞাত যানবাহন ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীতে নিহত ২ :
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে একদিনের ব্যবধানে পৃথক দুই ঘটনায় দুইজনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার  বিবিরবাগিচা এলাকায় দুর্বৃত্তদের পিটুনিতে আহত নিশাত (২৭) নামে এক পিকআপচালক বুধবার সকালে মারা গেছেন। অন্যদিকে, মঙ্গলবার রাতে ধলপুর এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে মারুফ হোসেন দুখু (২০) নামে এক কারখানার তরুণ শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পিকআপচালক নিশাতকে পিটিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার তার মৃত্যু হয়। 
অন্যদিকে, মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর ধলপুর সিটি গলির পাশের মাঠে মারুফ হোসেন দুখু নামে এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মারুফ পাতিল ফ্যাক্টরিতে কাজ করতেন। ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।