হামলাকারীদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডাকসু। একই সাথে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। 
গতকাল ডাকসুর প থেকে দেয়া এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়। এর আগে তার ফুপুর বাড়িতেও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। মুসাদ্দিকের বাড়ি মনে করে প্রথমে তার ফুপুর বাড়িতে আগুন দেয়া হয়। পরে তার পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। 
ডাকসুর দাবি, কয়েক দিন ধরেই আওয়ামী সন্ত্রাসীরা মুসাদ্দিকের বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিল। হামলার আশঙ্কায় বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়নি। 
বিবৃতিতে আরো বলা হয়, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গুম, হত্যা, দমন-পীড়ন, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের রাজনীতি করে আসছে। ডাকসুর একজন নির্বাচিত সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত। 
হামলার আগে দীর্ঘদিন ধরে হুমকি ও উসকানি দেয়া এবং প্রশাসনকে অবহিত করার পরও এমন ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী লীগের গুটিকয়েক সন্ত্রাসী গোষ্ঠীর কারণে গোপালগঞ্জের সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে।