মেজর জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করার দাবি

মুক্তিযুদ্ধে ৯নং সেক্টর কমান্ডার বাংলাদেশের প্রথম রাজবন্দী, স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত জাতীয় বীর মেজর (অব:) এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বরিশাল বিভাগ সমিতি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করে। 
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, শেরেবাংলা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকিব হক ও নারী নেত্রী এলিজা রহমান প্রমুখ। 
আলোচনায় এম এ জলিল বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে দেশ স্বাধীন করেছিলেন মেজর (অব:) এম এ জলিল। আশা ছিল, স্বাধীনতার পর বাংলাদেশ পরিচালিত হবে জনগণের কল্যাণের লক্ষ্যে, অধিকারের লক্ষ্যে সম্প্রীতির লক্ষ্যে দারিদ্র্যমুক্ত গণতান্ত্রিক আইনের শাসনের দেশ হিসেবে। কিন্তু মেজর জলিল মনে করেছেন মুক্তিযুদ্ধের লক্ষ্য আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন না হয়ে লুটপাটের শাসননীতি চালু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক জনসভায় বলেছেন যে দেশ সঠিকভাবে চলছে না। বিশ^ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এরপর তিনি ৩১ অক্টোবর, ১৯৭২ সালে জাসদ নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। যে রাজনীতির লক্ষ্য ছিল সমাজতন্ত্র গণতন্ত্র মানবিক মূল্যবোধে জনগণের অধিকার প্রতিষ্ঠা। পরে বিভিন্নভাবে জাসদ বহুধাবিভক্ত হয়েছে এবং মেজর (অব:) এম জলিল এ দিনে মৃত্যুবরণ করেছেন। মুক্তিযুদ্ধে তার বিশেষ ভূমিকার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে মেজর জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হোক।  
সভাপতির ভাষণে মাহবুবুল আলম দুলাল বলেন, বর্তমান অস্থিতিশীল রাজনীতির মুহূর্তে আমাদের দাবি এবং প্রধানমন্ত্রীও জাতীয় সংসদে বলেছেন দেশের কল্যাণের জন্য জনগণের মুক্তির লক্ষ্যে জাতীয় ঐক্য দরকার। এই জাতীয় ঐক্যই পারে দেশের জনগণের মুক্তি দিতে। বঙ্গবন্ধুর সম্প্রীতির রাজনীতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র-উৎপাদনের রাজনীতি ও মেজর এম এ জলিলের দেশপ্রেমের সাহসী রাজনীতি ধারণ করে একমাত্র ঐক্যই পারে জনগণকে মুক্তির স্বপ্ন দেখাতে। বিজ্ঞপ্তি।