আইডিএলসির নিট মুনাফার প্রবৃদ্ধি ১৭%

 অর্থনৈতিক প্রতিবেদক 
চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও শক্তিশালী আর্থিক ফলাফল ধরে রেখেছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। তৃতীয় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ২০৬ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৪ দশমিক ৫১ টাকা, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের শেষে যা ছিল ৩ দশমিক ৮৫ টাকা। 
আইডিএলসির রিটার্ন অন ইকুইটি (আরওই) বেড়ে ১২ দশমিক ২৪ শতাংশ হয়েছে। পাশাপাশি, রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে হয়েছে ১ দশমিক ৫১ শতাংশ। তৃতীয় প্রান্তিক শেষে একক (স্ট্যান্ডালোন) ভিত্তিতে প্রতিষ্ঠানটির গ্রাহক আমানত বেড়ে ১১ হাজার ৬৯৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে এ সময়ে প্রতিষ্ঠানটির ঋণ পোর্টফোলিও ছিল ১২ হাজার ৪৫ কোটি টাকা।
আইডিএলসির মন্দ ঋণের হার (এনপিএল) গত বছরের তৃতীয় প্রান্তিকে ছিল ৪ দশমিক ৭১ শতাংশ, চলতি বছরের একই প্রান্তিক শেষে তা ৪ দশমিক ০৯ শতাংশে নেমে এসেছে। প্রতিষ্ঠানটির মন্দ ঋণের হার এ খাতের গড় হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একই সাথে, স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনায় দৃঢ়তার সাথে ১১০ শতাংশ এনপিএল প্রভিশন কভারেজ রেশিও বজায় রেখেছে আইডিএলসি। বাজারে নানা চ্যালেঞ্জ ও অস্থিরতার মধ্যেও ব্যালান্স শিটের ভারসাম্য সুরক্ষিত রাখা ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেছেন, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানের আর্থিক সাফল্য এটিই প্রমাণ করে যে, ভবিষ্যৎমুখী আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই লাভজনকতা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে আইডিএলসি সতর্কতার সাথে ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের অংশীজনদের দীর্ঘমেয়াদি স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, প্রতিষ্ঠান অত্যন্ত দক্ষতার সাথে প্রবৃদ্ধি ধারা অব্যাহত রেখেছে, যার প্রতিফলক হিসেবে কাজ করছে এর উন্নত রিটার্ন অন ইকুইটি ও রিটার্ন অন অ্যাসেটস। এছাড়াও টেকসই উন্নয়নের বিষয়টি প্রাধান্য দিয়ে ব্যবসা সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।
আইডিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ও আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও তৃতীয় প্রান্তিকে নিজ নিজ ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচকতার ধারা বজায় রেখেছে। গত ২৭ অক্টোবর আইডিএলসির ৩৭৬তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। রাজধানীর গুলশানে আইডিএলসির করপোরেট হেড অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

Advertisement