দক্ষিণ লেবাননে ফের ইসরাইলের গোলাবর্ষণ

আলজাজিরা
দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে কামানের গোলাবর্ষণ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার সকালে আল-মানসুরি, মাজদাল জুন এবং তৎসংলগ্ন উপত্যকাগুলো লক্ষ্য করে দফায় দফায় গোলা নিক্ষেপ করা হয়। এর পাশাপাশি হাদাথা গ্রামের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতেও কয়েকটি গোলার আঘাত হানার খবর পাওয়া গেছে। তবে আকস্মিক এ হামলায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
এর আগে গত মঙ্গলবারও আল-মানসুরি, মাজদাল জুন ও জিবকিন উপত্যকা এবং হাদাথা ও তার আশপাশের এলাকায় ইসরাইলি বাহিনীর তীব্র সামরিক তৎপরতা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল। এ ছাড়া চলতি মাসের গত ২০ অক্টোবর নাবাতিয়েহ, বিনতে জবেইল, মারজায়ুন এবং টায়ার জেলায়  একযোগে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

Advertisement