সামরিক ব্যয়ের রেকর্ড উল্লম্ফনে সঙ্কুচিত মানবিক ও উন্নয়ন সহায়তা

আনাদোলু
বিশ্বজুড়ে রেকর্ড মাত্রায় সামরিক ব্যয় বৃদ্ধির বিপরীতে মারাত্মকভাবে কমে আসছে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা। এর ফলে বৈশ্বিক মানবিক চাহিদার সাথে সহায়তার পরিমাণের ব্যবধান দিন দিন প্রশস্ত হচ্ছে, যা মানব নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতার সামনে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) গত মঙ্গলবার প্রকাশিত তাদের এক নতুন রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির মতে, বর্তমান সামরিক বাজেটের একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ পুনর্বিন্যাস করলেই এই বিশাল তহবিলের ঘাটতি অনায়াসেই পূরণ করা সম্ভব। 
সিপ্রির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক সামরিক ব্যয় রেকর্ড ২.৯ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা বিশ্ব মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২.৫ শতাংশের সমান। অন্য দিকে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) তথ্য বলছে যে, ২০২৪ সাল থেকেই অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বা উন্নয়ন সহায়তার পরিমাণ ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, মূল উন্নয়ন সহায়তা প্রবাহ মূলত ২০২১ সাল থেকে স্থবির হতে শুরু করলেও ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে বাড়তি সহায়তা প্রদান এবং দাতা দেশগুলো কর্তৃক নিজ দেশে শরণার্থী পুনর্বাসন খাতে খরচ বেড়ে যাওয়ায় সেই মন্দাভাব সাময়িকভাবে ঢাকা পড়েছিল।

Advertisement