
নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। সেই সূত্রে ধীরে ধীরে গড়ে তোলা হতো মিথ্যা প্রেমের সম্পর্ক। এরপর কৌশলে ডেকে নেয়া হতো নির্ধারিত বাসা বা হোটেলকক্ষে। সেখানে অপেক্ষা করতেন চক্রের অন্য সদস্যরা। একপর্যায়ে শুরু হতো ভয়ভীতি দেখানো, জিম্মি করা ও শারীরিক নির্যাতন। আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। এভাবে ‘হানিট্র্যাপ’ বা ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী গোয়েন্দা বিভাগ (ডিবি) । গত শনিবার রাজধানীর তুরাগ থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রোববার ডিএমপির এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- আবদুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) ও সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)। তাদের মধ্যে আবদুর রহমান চক্রটির মূল হোতা। তাদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ব্ল্যাকমেল করে আবারো টাকা দাবি করতেন চক্রের সদস্যরা। চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে মধ্যবয়সী, বয়স্ক ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরপর কৌশলে তাদের নির্ধারিত বাসা বা হোটেলকক্ষে ডেকে নেয়া হতো। সেখানে চক্রটির পুরুষ সদস্যরা তাদের জিম্মি করে ভয়ভীতি দেখাতেন এবং শারীরিক নির্যাতন করতেন। এরপর আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে টাকা আদায় করা হতো। একবার টাকা দেয়ার পরও রেহাই মিলত না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








