চট্টগ্রাম বিমান বন্দরে জেদ্দা ফেরত যাত্রী আটক : প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর কাছ থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের এক কেজি ৪৮২ গ্রাম স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার জেদ্দা থেকে আসা ফ্লাইট বিজি-১৩৬ এর যাত্রী মো: শরীফকে আটক করা হয়েছে। ১ নম্বর ব্যাগেজ বেল্ট এরিয়ায় সন্দেহজনক গতিবিধির কারণে বিমানবন্দর গোয়েন্দাসংস্থা ও বিমানবন্দর কাস্টমস  কর্তৃক  ওই যাত্রীকে তল্লাশি করা হয়। 
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল নয়া দিগন্তকে জানান, বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমসের  তত্বাবধানে যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও জামা থেকে এক হাজার ৪৮২ গ্রাম ওজনের গোল্ড (চুড়ি অলঙ্কার)  উদ্ধার করা হয়। আটককৃত এক হাজার ৪৮২ গ্রাম গোল্ড থেকে রাজস্ব আদায় দুই কোটি ৮৪ লাখ  ৭০ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের চালানের পরিমাণ নির্ণয়ের পরে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটককৃত যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে  শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলার কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান। আটক যাত্রীর গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে বলে জানা গেছে।

Advertisement