
ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডালিয়া আক্তার নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ডালিয়া আক্তার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো: আশিক, মো: আলমগীর হোসেন ও মো: অনিক। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায়।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারিকুল ইসলাম এবং কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জামিলুল হক, পিপিএমের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের রসুলপুর বাজারসংলগ্ন সুইডেন প্লাজার তৃতীয় তলায় নিজ ফ্ল্যাটে ডালিয়া আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিদের সাথে ডালিয়া আক্তারের পূর্বপরিচয় ছিল। চুরির উদ্দেশ্যে তারা পাশের ভবনের ছাদ দিয়ে তার বাসায় প্রবেশ করেন। এ সময় ডালিয়া আক্তার ঘুম থেকে উঠে চিৎকার করলে তারা প্রথমে তার মুখ চেপে ধরেন। পরে ধরা পড়ার আশঙ্কায় তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








