
নয়া দিগন্ত ডেস্ক
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১২৩ জন। এ ছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৪ জন। অর্থাৎ হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট এক হাজার ২২৭ জনের মৃত্যু হলো।
রোববার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দু’জন, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে একজন করে মারা গেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫০২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০০ জন, চট্টগ্রামে ১০৭, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৮, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এক হাজার ২৮০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৮৯ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪৬৭ জন, চট্টগ্রামে ২১৯, সিলেটে ১২২, বরিশালে ১৩৫, খুলনায় ৭৫, ময়মনসিংহে ১০৫, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩০ জন।
সিলেট ব্যুরো জানায়, সিলেটে একদিনে হামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে মৃত্যুবরণকারী আট মাস বয়সী শিশু সাফা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০৩ জনে। টানা তিন দিনে হামে ছয় শিশুর মৃত্যু জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এই সময়ে নতুন কেউ হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরো ১২২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫২ জন।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








