হত্যাচেষ্টার কারণ জানেন না শিল্পী আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক

Advertisement

কি কারণে গাড়িতে গুলি করা হয়েছে তা জানা নেই বলে জানিয়েছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। গত শনিবার রাতে সাংবাদিকদের এক কথা বলেন আসিফ আকবর। তিনি আরো বলেন, প্রতিদিনই একটা রুটিন সময়ে বাসা থেকে বের হন। সেদিন ছেলে কানাডা থেকে ফোন দিয়েছিল। ওই দেশে নামাজের সময় হওয়ায় নামাজ শেষ করা পর্যন্ত ছেলের ফোনের অপেক্ষায় ছিলাম। এর মধ্যেই শুনি গাড়িকে লক্ষ করে গুলি করা হয়েছে। তিনি বলেন, আমি এমন কিছু করিনি যে আমাকে হত্যা করা হবে। তবে যারা গুলি করেছে তারা হত্যার পরিকল্পনা করেই এই গুলির ঘটনা ঘটিয়েছে। আমাকে হত্যার উদ্দেশেই ঠিক সময়ে গাড়িতে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এ ঘটনায় গত শনিবার রাতে তিনি নিজেই হাতিরঝিল থানায় মামলা করেন। এজাহারে কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এর আগে শনিবার ভোরে রাজধানীর মগবাজারে তার নিজের গাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নয়া দিগন্তকে বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি নিয়ে কাজ করছে। 
পুলিশের তথ্যানুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। বিশাল সেন্টারে অবস্থিত নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে ছিলেন। পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তিনি ওই অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। একই সাথে গুলির ঘটনার পেছনের উদ্দেশ্য জানারও চেষ্টা চলছে।