২০৩০ সালের মধ্যে আক্রান্ত হওয়ার শঙ্কা ব্রিটেনের

এএফপি
রাশিয়ার হাইব্রিড যুদ্ধের তৎপরতা বৃদ্ধি, সমুদ্রতলের ক্যাব্ল লক্ষ্য করে নজরদারি এবং সাইবার হামলার ঝুঁকির মধ্যে ব্রিটেনকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তার সতর্কবার্তা, ২০৩০ সালের মধ্যে শত্রুরা ব্রিটেনে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে। এ পরিস্থিতিতে মিত্রদের সাথে নিয়ে যুদ্ধ করতে এবং জিততে প্রস্তুত হতে হবে দেশটিকে। একই সাথে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর লক্ষ্যমাত্রা ও সময়সীমা নিয়ে ব্রিটিশ সরকারের মধ্যে বিতর্কও তীব্র হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে স্ট্রিটিং বলেন, ‘আমার প্রধান অগ্রাধিকার হলো, এই দেশকে যুদ্ধ করতে এবং যুদ্ধে জিততে প্রস্তুত করা।’ তিনি লেখেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে হলে তার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথম ধাপে সামরিক সক্ষমতা বাড়াতে হবে, যাতে শত্রুরা ব্রিটেনে হামলা চালানোর আগে দুবার ভাবতে বাধ্য হয়। সেই চেষ্টা ব্যর্থ হলে দেশটিকে নিশ্চিত করতে হবে, ব্রিটেন যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে।
ব্রিটিশ সরকারের ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ প্রচারাভিযান শুরুর কয়েক দিন পর স্ট্রিটিং এই সতর্কবার্তা দিলেন। সাইবার হামলা কিংবা ভয়াবহ আবহাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল হয়ে পড়লে পরিস্থিতি মোকাবেলার জন্য সাধারণ পরিবারগুলোকে আগে থেকেই প্রস্তুতি নিতে বলেছে সরকার। এ জন্য দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার, বোতলজাত পানি, কম্বল ও রেডিও মজুদ রাখার পরামর্শ দেয়া হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, অন্তত তিন দিন সুপারমার্কেটে যাওয়া কিংবা ইলেকট্রনিক মাধ্যমে অর্থ পরিশোধের ব্যবস্থা ছাড়াই জীবনযাপনের প্রস্তুতি রাখতে হবে ব্রিটেনের নাগরিকদের।
বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার ঘটনার পর এই সতর্কতা জারি করা হয়। দু’টি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংস্থা পিএইচপি প্রোগ্রামিং ভাষায় একটি গুরুতর সাইবার নিরাপত্তার ত্রুটি শনাক্ত করেছিল। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় এই ভাষা ব্যবহৃত হয়।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে দ্য টেলিগ্রাফ জানায়, ব্রিটেনের গুরুত্বপূর্ণ সমুদ্রতলের যোগাযোগ ক্যাবলগুলোর ওপর নজরদারি চালাতে রাশিয়া মাছ ধরার ট্রলার মোতায়েন করছে। ব্রিটিশ মন্ত্রীরা নিশ্চিত করেছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রতলের অবকাঠামোর জন্য হুমকি তৈরি করতে মস্কো ‘বাণিজ্যিক মধ্যস্থতাকারী’ ব্যবহার করছে।

Advertisement