সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিবেদক

Advertisement

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে হামলার সময় গাড়ির ভেতরে কেউ ছিলেন না। শনিবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঢাকা-মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের গাড়িটি মগবাজার বিশাল সেন্টারের সামনে পার্ক করা ছিল। ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়ির পেছনের দরজার গ্লাস ভেঙে যায় এবং ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সাথে কারা জড়িত বা ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি। তবে আসিফের স্বজনদের ধারণা, জনপ্রিয় এই শিল্পীকে আতঙ্কিত বা সতর্ক করতেই এই হামলা চালানো হতে পারে।
সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজার মোড় থেকে মালিবাগমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে এক ব্যক্তি নেমে আসিফের গাড়িতে গুলি চালিয়ে দ্রুত আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে পালিয়ে যায়। তবে অটোরিকশায় অন্য কেউ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফুটেজে হামলাকারীর মুখ স্পষ্ট না থাকায় পুলিশ আশপাশের আরো সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করছে।
হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে আসিফ আকবর বিশাল সেন্টারে অবস্থিত নিজের স্টুডিওতে আসেন। সেখানে তার কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন। বন্ধুরা রাত ৩টার দিকে চলে গেলেও আসিফ স্টুডিওতেই অবস্থান করছিলেন। ভোরে হঠাৎ গুলির শব্দ শুনে তিনি নিচে নেমে আসেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসিফ ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির দরজা খুলে ভেতর থেকে একটি কার্তুজ উদ্ধার করে।
বিশাল সেন্টার দোকান মালিক সমিতি জানিয়েছে, ঘটনার সময় মার্কেটের নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে ভয়ে তারা মার্কেটের ভেতরে চলে যান। পরে তৃতীয় তলায় গিয়ে তারা আসিফ আকবরকে বিষয়টি জানালে তিনি নিচে নেমে আসেন। তবে মার্কেটের সব সিসি ক্যামেরা সচল না থাকায় এবং দোকানগুলোর ক্যামেরার পরিধি রাস্তা পর্যন্ত বিস্তৃত না থাকায় হামলাকারীর স্পষ্ট কোনো ছবি পাওয়া যায়নি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বিশাল সেন্টার ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সূত্রেও তদন্ত চলছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে আসিফ আকবর নিজেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। বর্তমানে গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।
এ দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মো: আবুল বাশার তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।