কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না পাওয়ার অভিযোগ, শিশুর মৃত্যু

 কয়রা (খুলনা) সংবাদদাতা

Advertisement

জ্বর নিয়ে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে চিকিৎসক না পাওয়ার অভিযোগ উঠেছে খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বজনদের দাবি, চিকিৎসকের অপেক্ষায় থাকার একপর্যায়ে মারা যায় দেড় মাস বয়সী শিশু মুয়াজ আব্দুল্লাহ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, দায়িত্বে অবহেলার কারণে শিশুটি চিকিৎসা পায়নি।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। সে উত্তর বেদকাশী ইউনিয়নের প্রভাষক মাসুম বিল্লাহর ছেলে।
শিশুটির মামা রাকিব হাসান বলেন, আগের রাতে শিশুটির জ্বর ছিল। সকালে জ্বর না থাকলেও কান্নাকাটি করছিল। হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। সেখানে দায়িত্বরত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনের পরামর্শে বাইরের ওষুধের দোকান থেকে দু’টি ওষুধ এনে শিশুটিকে নেবুলাইজার দেয়া হয়। পরে তাকে এনসিডি কর্নারে যেতে বলা হয়। সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করেও চিকিৎসক না পাওয়ার অভিযোগ করেন তিনি। একপর্যায়ে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবা মাসুম বিল্লাহর অভিযোগ, অনুরোধের পরও শিশুটিকে অক্সিজেন দেয়া হয়নি। মৃত্যুর পর স্বজনদের কান্নাকাটির মধ্যে অক্সিজেন দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম বলেন, পূজার ছুটিতে হাসপাতালে চিকিৎসক কম ছিলেন। জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন রাতের দায়িত্ব শেষে বহির্বিভাগে রোগী দেখছিলেন। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট মামুন কর্তব্যরত চিকিৎসককে না জানিয়ে শিশুটিকে এনসিডি কর্নারে পাঠান। স্বজনেরা চিকিৎসকের কক্ষ খুঁজে না পাওয়ায় শিশুটি চিকিৎসা পায়নি। দায়িত্বে অবহেলার অভিযোগে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।