সংক্ষিপ্ত সংবাদ


সুন্দলপুর হাইস্কুলে ফ্রি চিকিৎসা

Advertisement

দাউদকান্দি সুন্দলপুর হাইস্কুল পরিচালনা কমিটির উদ্যোগে এলাকার পাঁচ শতাধিক অসহায় দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের ছয়টি কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়। এ সময় অপারেশনযোগ্য রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক ডা. মাহবুব আলম সরকারের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ও দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া। ক্যাম্পে আগত রোগীদের সফলভাবে চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় চিকিৎসকেরা। এ ছাড়া পুরো অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাধারণ মানুষ ও চিকিৎসা নিতে আসা রোগীরা এমন চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।

সরকারি তেল চুরি, আটক ১

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ল্যান্ডফিলে ভেকুর কাজে ব্যবহৃত ৮০০ লিটার সরকারি ডিজেল চুরি করে স্থানান্তরকালে আল-আমিন নামের এক ট্রাকচালককে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই তেল ও পাচারের কাজে ব্যবহৃত ডাম্পিং ট্রাকটি জব্দ করা হয়। গতকাল শুক্রবার সাভার মডেল থানায় এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। আটককৃত আল-আমিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১ এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় একটি ট্রাক ৪০টি কন্টেইনার বোঝাই করে ডিজেল নিয়ে রাজধানীর দিকে যাওয়ার সময় পাচারকৃত সরকারি তেল উদ্ধার এবং চালককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক তেল চুরি করে সিন্ডিকেটের কাছে পৌঁছে দেয়ার কথা স্বীকার করেছে। সাভার (ঢাকা) সংবাদদাতা।

হিমছড়িতে শিক্ষার্থীর লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড়ের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কলাতলী এলাকার সৈকত থেকে লাশ ভেসে উঠলে স্বজনেরা ও পুলিশ যৌথভাবে তা উদ্ধার করে। নিহতের বাড়ি ঢাকার আজিমপুর এলাকায় এবং তার বাবার নাম নাবিবুর রহমান। এ নিয়ে হিমছড়িতে মর্মান্তিক এ সাগরে ডুবে মৃত্যুর ঘটনায় মোট পাঁচজন পর্যটকের লাশ উদ্ধার করা হলো। উল্লেখ্য, এর আগের দিন বুধবার বিকেলে কক্সবাজারের রামুর হিমছড়ি প্যাঁচার দ্বীপ সৈকতে সাগরে গোসলে নেমে ছয় পর্যটক নিখোঁজ হয়েছিলেন। পরবর্তীতে লাইফ গার্ড কর্মী ও স্থানীয়রা তিনজনের লাশ উদ্ধার করেছিলেন। কক্সবাজার অফিস।

সিলেটে চোরাইপণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মহিষসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। গতকাল শুক্রবার ভোরে এ বিশেষ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বিওপির একটি টহল দল কমলাবাড়ি নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার বাজারমূল্য পাঁচ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া একই রাতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮৩ পিস ভারতীয় নিভিয়া লোশন, ২২৮ পিস বিদেশী সিগারেট, ২০ পিস কম্বল এবং ১২০ বিড়া খাসিয়া পান জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য চার লাখ চার শ টাকা। সব মিলিয়ে জব্দকৃত চোরাইপণ্যের মোট বাজারমূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। সিলেট ব্যুরো।

সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে বিষধর সাপের দংশনে মোহাম্মদ জিহাদ নামের এক তরুণ মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পদুয়ার পশ্চিম খুরুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়ার বাসিন্দা এবং তিনি মাদরাসা-র-তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে খাওয়া শেষ করে ঘর থেকে বাইরে বের হওয়ার সময় অন্ধকারাচ্ছন্ন পরিবেশে একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। স্থানীয় দত্ত বাবু জানান, সাপে কাটার পর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে এলাকার এক স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে সেখানে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে রাতেই দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ পিস ইয়াবাসহ হোসেন নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত হোসেন দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী এলাকার মৃত মজনু মিয়া সরকারের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মুরাদনগরের নিমাইকান্দি এলাকায় মৃত বাবুল মিয়ার ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, নিমাইকান্দি এলাকার একটি ভবনে অভিযান চালায়। এ সময় আসামির ভাড়া ফ্ল্যাটের শয়নকক্ষ তল্লাশি করে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে আটক করা হয়। তার নামে মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন থানায় অন্তত ১১টি গুরুতর মামলা বিচারাধীন রয়েছে। মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।

সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নাশকতামূলক কর্মকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে (৩৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি নড়াইল সদর এলাকায়। নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার জানান, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পলাশের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সদর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক ছিলেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল প্রতিনিধি।