
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
খাট থেকে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মুন্সীকান্দা গ্রামের দুই বছরের এক শিশুকন্যা। তার উন্নত চিকিৎসায় প্রয়োজন দুই থেকে আড়াই লাখ টাকা; কিন্তু দরিদ্র বাবা সাগর মোল্লার পক্ষে এ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। মেয়ের মুখে হাসি ফেরাতে তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
জানা গেছে, পাঁচ সদস্যের পরিবার নিয়ে ভাড়াবাসায় থাকেন সাগর মোল্লা। নিজের কোনো বসতবাড়ি নেই। সীমিত আয়ে চলে সংসার। এরই মধ্যে প্রায় এক মাস আগে খাট থেকে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার ছোট্ট মেয়েটি। পরিবারের ভাষ্য, দুর্ঘটনায় শিশুটির হিপ জয়েন্ট খুলে গেছে। মেয়েকে সুস্থ করতে নিজের সাধ্যমতো চিকিৎসা করিয়েও আশানুরূপ ফল পাননি তিনি।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, শিশুটিকে সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য দুই থেকে আড়াই লাখ টাকা দরকার; কিন্তু সংসারের সীমিত আয়ে এই বিপুল অর্থ জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসার চিন্তা আর অর্থসঙ্কটে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
ইতোমধ্যে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের পক্ষ থেকে শিশুটির চিকিৎসায় ৪০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। তবে চিকিৎসার জন্য এখনো প্রয়োজন আরো অর্থ।
নিজের অসহায়ত্ব তুলে ধরে সাগর মোল্লা সমাজের দানশীল ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তার বিশ্বাস, সবার সামান্য সহায়তা একত্র হলে হয়তো আবার সুস্থ হয়ে উঠবে তার ছোট্ট মেয়েটি, ফিরবে তার মুখের হাসি।
সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ : সাগর মোল্লা (শিশুটির বাবা), মোবাইল : ০১৬১৪-৩৪৭৯৬৬।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








