বাহরাইন, যুক্তরাষ্ট্র, রাডার স্থাপনা, ড্রোন, হামলা, ইরানের
তেহরানে এক মেলায় ইরানি ড্রোন। সংগৃহীত

বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক খবরে এ দাবি জানানো হয়। তবে ড্রোন হামলায় স্থাপনাটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু রোববার (১৫ নভেম্বর) এ খবর জানায়। হামলার কয়েক ঘণ্টা আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছিল। তবে হুমকির ধরন সম্পর্কে কিছু জানানো হয়নি। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ারও পরামর্শ দেয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালী এখনো বন্ধ রয়েছে। এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব আরো কঠোর ও ধ্বংসাত্মক হবে।’

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। বিশ্বের জ্বালানি ও পণ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের আলোচনারও অন্যতম প্রধান ইস্যু।

গত ২৮ ফেব্রুয়ারি বিনা উস্কানিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে আলোচনা থমকে যাওয়ায় আবারো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে লড়াই শুরু হয়। এর আগে জুনে দুই দেশ একটি সমঝোতা স্মারকেও সই করেছিল।