সুপারভাইজার, চলন্ত বাস থেকে ধাক্কা, যুবক, মৃত্যু, বাস, আহত, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারাগঞ্জ থানা, ফায়ার সার্ভিস
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নয়া দিগন্ত

ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যুবককে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে রংপুরের তারাগঞ্জের জিগারতল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে ভাড়া নিয়ে দুই যুবকের সাথে সুপারভাইজারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে সুপারভাইজার দুই যুবককে চলন্ত কোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরো একজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় নৈশকোচসহ সুপারভাইজার শফিকুল ইসলাম ও চালক আব্দুল আজিজকে আটক করা হয়েছে। তারা আমাদের হেফাজতে আছেন।’