উপনির্বাচন সুষ্ঠু হবে কি না শঙ্কা রয়েছে : আব্দুল হালিম
ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নেতৃবৃন্দ : নয়া দিগন্ত।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Advertisement

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। 
সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল হালিম অভিযোগ করে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় যুক্ত নেতাকর্মীদের হুমকি ও বাধা দেয়া হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে এবং কেন্দ্রে গিয়ে প্রকাশ্যে ধানের শীষে সিল মেরে দেখানোর জন্য চাপ দিচ্ছে। ফলে ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা ঠাকুরগাঁওয়ে মাগুরা মার্কা নির্বাচন দেখতে চাই না।’ নির্বাচন কমিশন ও প্রশাসনকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, বিএনপি প্রকাশ্যে ভোটারদের হুমকি দিচ্ছে, গোপনে ভোট দেয়া যাবে না। প্রকাশ্যে ধানের শীষে সিল দিয়ে তাদেরকে দেখাতে হবে। এভাবে প্রকাশে হুমকি দিলে সাধারণ ভোটাররা ভোট দিতে যেতে ভয় পাবে। বিএনপির এ সব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ নেতারা উপস্থিত ছিলেন।
আজ শনিবার ঠাকুরগাঁও বড়মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।