নদী
ধ্বসে পড়া বেড়িবাঁধ। নয়া দিগন্ত

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছরেও পর্যাপ্ত নদী শাসন ব্যবস্থা না থাকায় বলেশ্বর নদের তীরবর্তী ৩৫/১ পোল্ডারের ২২ কিলোমিটার বেড়িবাঁধ ভেস্তে যেতে পারে বলে ধারণা করছে শরণখোলাবাসীরা। ইতোমধ্যে বলেশ্বর নদের তীরবর্তী কুমারখালী, সন্ন্যাসী, রাজেশ্বর ও সিডর বিধ্বস্ত সাউথখালীর গাবতলা এলাকাসহ ১৩টি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। 

Advertisement

সিডর পরবর্তী ১৯ বছরে বছরে জাইকা প্রকল্পের অর্থায়নে মাত্র ১৮০০ মিটার নদী শাসনব্যবস্থার কাজ শুরু করেছে। কিন্তু তা প্রয়োজনে তুলনায় অপ্রতুল। সিডর পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত শরণখোলাবাসীর একটাই দাবি ছিল ‘মোরা ত্রাণ চাই না, বেড়িবাঁধ চাই।’  এই দাবিতে কয়েক বছর ধরে চলে মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন। 

পরবর্তীতে ২০১৬ সালে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে শুরু হয় টেকসই বেড়িবাঁধ কাজ। বলেশ্বর নদের তীর রক্ষায় প্রায় ২২ কিলোমিটারসহ পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের মোট ৬২ কিলোমিটার বাঁধের কাজ শেষ হয় ২০২৩ সালের ১৪ ডিসেম্বর। 

এই প্রকল্প চলাকালীন তৎকালীন প্রত্যক্ষদর্শী উপজেলার বগী, গাবতলা, উত্তর সাউথখালী, সোনাতলা ও রায়েন্দা এলাকার জাকির হাওলাদার, মোশারফ মেম্বার, ওহিদুল হাওলাদার, নুরু মিয়া, আনোয়ার হাওলাদারসহ অনেকে বলেন, মাটি দিয়ে বাঁধ নির্মাণ করার কথা থাকলেও সংশ্লিষ্টরা বালু দিয়ে বাঁধ নির্মাণ করেছেন। ফলে বাস্তবায়নের পরের বছর থেকেই বেড়িবাঁধ বেশির ভাগ জায়গা ধ্বসে পড়েছে। 
অন্যদিকে বেড়িবাঁধের সাথে যে স্লুইজ গেট করা হয়েছে তা খুবই সরু। খালের সাথে ঐ স্লুইজ গেটের কোনো সংযোগ না করার কারণে বেশির ভাগ গেটই অচল। বর্ষাকালে জলাবদ্ধতা আর খরার মৌসুমে পানি প্রবাহ বন্ধ থাকে। এই অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প এই জনপদের মানুষের কোনো উপকারে আসেনি বরং মরার উপরে খাঁড়ার ঘাঁ অবস্থা হয়েছে। 

উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) এর মাধ্যমে সিএইচডব্লিউই নামে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করে। কিন্তু নদী শাসনের ব্যবস্থা না করেই বাঁধ নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হওয়ায় বাস্তবায়নের পরের বছরেই সেই বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়। বলেশ্বর নদের তীরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী থেকে পার্শ্ববর্তী উপজেলা মোরেলগঞ্জ সীমানার সন্ন্যাসীর ফাসিয়াতলা পর্যন্ত বিভিন্ন স্থানে ১৩ কিলোমিটার মূল বাঁধসহ সিসি ব্লক ধ্বসে ঝুঁকিপূর্ণ রয়েছে। 

সরেজমিন ঘুরে দেখা যায়, তৎকালীন সময়ে ৪৫০ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ ঢালির ঘোপ, ফাসিয়াতলা, বগী, গাবতলা এলাকাসহ প্রায় ১৩/১৪ জায়গায় ফাটলসহ ধ্বসে পড়েছে। 

এলাকাবাসীর আক্ষেপ, সিডরের ১৯ বছর পর এসেও বাঁধ নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে। আতঙ্কে দিন কাটছে বলেশ্বর নদের তীরের বাসিন্দাদের। 

এ বিষয় সাউথখালি ইউনিয়ন বিএনপির সভাপতি সমাজসেবক শহিদুল আলম লিটন বলেন, ‘তৎকালীন সরকার ও বিশ্বব্যাংক কর্তৃপক্ষ বাঁধ নির্মাণে নদী শাসনের ব্যবস্থা না রেখে অদূরদর্শীতার পরিচয় দিয়েছে। ব্যাপক দুর্নীতি হয়েছে এখানে। মাটির বদলে নদীর বালু ব্যবহার করা হয়েছে। এতে শুধু বাঁধ উঁচুই হয়েছে, কিন্তু টেকসই হয়নি।’ 

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ‘জাইকা প্রকল্পের অর্থায়নে উপজেলার সাউথখালী ইউনিয়নের আশার আলো মসজিদ সংলগ্ন এলাকা থেকে ১৮০০ মিটার নদী শাসনের কাজ চলমান রয়েছে। এছাড়া একটি সমীক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে সেই প্রকল্প থেকে অর্থ পেলে ক্ষতিগ্রস্ত তেরো কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকা নদী শাসন ব্যবস্থার আওতায় আনা হবে।’