ফ্রান্সে বিক্ষোভে অংশগ্রহণকারীরা
ফ্রান্সে বিক্ষোভে অংশগ্রহণকারীরা। সংগৃহীত ছবি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারী এবং বিভিন্ন যুব সংগঠনের ডাকে ফ্রান্সে আবারো রাস্তায় নেমেছেন এক লাখের বেশি মানুষ। শনিবার (১৪ নভেম্বর) এ বিক্ষোভ কর্মসূচি করা হয়। 

Advertisement

এদিকে, ন্যূনতম মজুরি ০ দশমিক ৬ শতাংশ বাড়ানোর সরকারি প্রতিশ্রুতিকে ‘সামান্য কিছু’ বলে প্রত্যাখ্যান করেছে শ্রমিক ইউনিয়নগুলো। আগামী মঙ্গলবার নতুন করে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এদিন ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের অষ্টম বার্ষিকীও উদযাপন করা হবে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগের সপ্তাহগুলোর তুলনায় শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কম ছিল এবং পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশে এক লাখ ছয় হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন, যার মধ্যে প্যারিসেই ছিলেন ২৪ হাজার মানুষ। গত সপ্তাহে সারাদেশে এই সংখ্যা ছিল এক লাখ ৪৬ হাজার এবং প্যারিসে ছিল ৪৬ হাজার।

অন্যদিকে, ছাত্র সংগঠনগুলোর দাবি অনুযায়ী শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল দুই লাখ, যার মধ্যে প্রায় এক লাখ মানুষ ছিলেন রাজধানী প্যারিসে।

আগের বিক্ষোভগুলোর তুলনায় শনিবার গ্রেফতারের সংখ্যাও ছিল কম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশে ২১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্যারিসে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফ্রান্সে গত এক মাসেরও বেশি সময় ধরে উচ্চ বিদ্যালয়গুলোতে অবরোধ, ব্যাপক বিক্ষোভ এবং ধর্মঘট চলছে। আন্দোলনকারীরা শিক্ষার মান কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং পুলিশের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু বিক্ষোভের সময় সহিংসতার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর প্রথম বড় বিক্ষোভের সময় বেশ কয়েকটি শহরে লুটপাটের ঘটনা ঘটেছিল। এরপর থেকে বিক্ষোভস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে, সেই সাথে পরিবহন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং বিক্ষোভের অনুমতির ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে।

সূত্র : আলজাজিরা