
প্রযুক্তি ডেস্ক
সায়েন্স ফিকশনের পর্দা পেরিয়ে এবার বাস্তবে উড়ন্ত গাড়ির ধারণা সামনে আনল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক নতুন রোডস্টার গাড়ি প্রদর্শন করেছেন, যা রকেটের মতো থ্রাস্টার প্রযুক্তির সাহায্যে শূন্যে উঠতে ও ঘুরতে পারে। গাড়িটির উৎপাদন ২০২৮ সালে শুরু হওয়ার কথা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে দুই আসনের স্পোর্টস গাড়িটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে চালকবিহীন গাড়িটিকে খাড়া ঢাল বেয়ে উঠতে, উল্টো হয়ে ঝুলতে এবং বাতাসে ডিগবাজি খেয়ে অবতরণ করতে দেখা যায়। মাস্ক বলেন, দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই গাড়িতে কোনো চালক রাখা হয়নি। তার দাবি, গাড়িটি এক সেকেন্ডেরও কম সময়ে ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে পারবে।
টেসলার ভাষ্য অনুযায়ী, গাড়িটিতে রয়েছে ১০টি নজল বা বায়ু নির্গমনের পথ এবং অতি উচ্চচাপের বায়ু ট্যাংক। এসব প্রযুক্তির মাধ্যমে দ্রুত গতি অর্জন ও শূন্যে ওঠার সক্ষমতা তৈরির পরিকল্পনা করা হয়েছে। তবে প্রদর্শনীতে গাড়িটির দীর্ঘ সময় আকাশে ওড়ার সক্ষমতা দেখানো হয়নি। এটি প্রকৃত অর্থে উড়তে পারবে, নাকি কেবল অল্প দূরত্বে লাফ দিতে পারবে, তা এখনো স্পষ্ট নয়।
বিশেষজ্ঞদের মতে, সড়ক ও আকাশ- দুই ধরনের যানবাহনের বৈশিষ্ট্য এক সাথে আনতে বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ রয়েছে। উড়োজাহাজের জন্য কম ওজন জরুরি, অন্যদিকে গাড়িতে দুর্ঘটনা মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তাকাঠামো প্রয়োজন। এতে উড্ডয়নক্ষমতা, কার্যকারিতা ও দাম সবকিছুতেই প্রভাব পড়তে পারে।
এদিকে ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ অ্যালেফও উড়ন্ত গাড়ি তৈরি করছে। প্রতিষ্ঠানটির একটি মডেল আটটি প্রপেলারের সাহায্যে উড়তে পারে, তবে এতে একজন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








