গ্লোবোর ১৮ কনটেন্টের স্বত্ব নিলো নেটফ্লিক্স
গ্লোবোর ১৮ কনটেন্টের স্বত্ব নিলো নেটফ্লিক্স।

বিনোদন রিপোর্ট 
লাতিন আমেরিকার বৃহত্তম মিডিয়া কোম্পানি ব্রাজিলের গ্লোবো ১৮টি শিরোনামের লাইসেন্সিং চুক্তি করেছে নেটফ্লিক্সের সাথে। চুক্তির অন্যতম আকর্ষণ অস্কারজয়ী নির্মাতা ওয়াল্টার সালেসের চলচ্চিত্র ‘আই অ্যাম স্টিল হিয়ার’। ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত পর্যায়ক্রমে এসব কনটেন্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে। চুক্তির আওতায় রয়েছে গ্লোরিয়া পেরেজের নির্মিত এবং মার্কোস শেক্টম্যান পরিচালিত ‘ইন্ডিয়া-আ লাভ স্টোরি’। ব্রাজিলের টেলিনোভেলা লেখকদের অন্যতম শীর্ষস্থানীয় পেরেজের এই কাজটি ২০০৯ সালে সেরা টেলিনোভেলা বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কার জেতে। এ ছাড়া রয়েছে আন্দ্রুচা ওয়াডিংটন পরিচালিত ‘ভিতোরিয়া’। ছবিটিতে ৮০ বছর বয়সী এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন অস্কার মনোনয়নপ্রাপ্ত ফার্নান্দা মন্টেনেগ্রো। কপাকাবানায় মাদক চক্রের কর্মকাণ্ড উন্মোচনের লড়াইকে কেন্দ্র করে নির্মিত ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। চুক্তিতে স্বত্বের পরিধি শিরোনামভেদে আলাদা। ‘আই অ্যাম স্টিল হিয়ার’-এর আন্তর্জাতিক প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি করে গুডফেলাস; নেটফ্লিক্স পেয়েছে শুধু ব্রাজিলের স্বত্ব। ‘ইন্ডিয়া- আ লাভ স্টোরি’র যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার স্বত্ব পেয়েছে নেটফ্লিক্স। অন্যদিকে, লিয়ান্দ্রো সোয়ারেসের নির্মিত এবং জোয়াও ফনসেকা ও রেজিস ফারিয়ার পরিচালিত ব্রাজিলের জনপ্রিয় পে-টিভি কমেডি সিরিজ ‘ভাই কি কোলা’র সাতটি সিজন (২০১৩-২৬) ব্রাজিলে দেখানোর জন্য অধিগ্রহণ করেছে নেটফ্লিক্স। ‘ভিতোরিয়া’র স্বত্ব নেয়া হয়েছে বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য।
চুক্তির প্যাকেজে রয়েছে ১৪টি চলচ্চিত্র, তিনটি টেলিনোভেলা ও একটি সিরিজ। গ্লোবোর মূল প্রযোজনাগুলো একাধিক ভাষায় ডাবিং ও সাবটাইটেলসহ নেটফ্লিক্সে পাওয়া যাবে। নেটফ্লিক্স ব্রাজিলের কনটেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট এলিসাবেত্তা জেনাত্তি আশা প্রকাশ করেছেন, এ চুক্তি দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের সূচনা করবে।

Advertisement