
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
কৃষিতে উদ্ভাবনী উদ্যোগ ও গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নারী উদ্যোক্তা বিলকিস খাতুন বিপা। গত ১৫ অক্টোবর ইতালিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের নির্বাচিত ১০০ নারীর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র নারী হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দংইউ তার হাতে সম্মাননা তুলে দেন। বিলকিস খাতুন বিপার বাড়ি উপজেলার চাড়োল ইউনিয়নের একটি গ্রামে। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর পুত্রবধূ। নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি এলাকার অন্য নারীদেরও কৃষিভিত্তিক উদ্যোগে সম্পৃক্ত করতে কাজ করছেন তিনি। নারীদের নিয়ে পেঁয়াজের বীজসহ বিভিন্ন ধরনের বীজ উৎপাদনে যুক্ত রয়েছেন। এর মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন।
বিলকিস খাতুন বিপা বলেন, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে এ স্বীকৃতি পাওয়া তার জন্য গর্বের। কৃষিতে দীর্ঘ দিনের শ্রম ও উদ্যোগের স্বীকৃতি তাকে আরো উৎসাহিত করেছে। ভবিষ্যতেও কৃষির উন্নয়ন এবং নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








