
নিজস্ব প্রতিবেদক
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ছয় দিনব্যাপী দূর্গাপূজা গতকাল শেষ হয়েছে। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয় দশমীর বিজয় শোভাযাত্রা বের হয়। বিভিন্ন জায়গা ঘুরে ঢাকার বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এর মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিজয়া দশমীর পূজা শেষে গতকাল বিকেল ৪টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। এর আগে ঢাকেশ্বরী মন্দিরে নাচে-গানে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এ সময় কয়েকজন ভক্ত বলেন, এবার সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা উৎসব পালিত হয়েছে। দুর্গার বিদায় বেলায় স্বভাবিকভাবে মন খারাপ। তবে এ বছর কোনো দুর্ঘটনা ছাড়াই উৎসব শেষ হয়েছে। কারো মধ্যে আনন্দের কমতি ছিল না। রাত পর্যন্ত উৎসব পালন হয়েছে। সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশটাকে চাই এবং সবার মঙ্গল কামনা করি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দফতর সম্পাদক শচীন্দ্রনাথ বাড়ৈই বলেন, প্রতিবারের তুলনায় এবার আমরা পূজায় বেশি সময় পেয়েছি, খুবই মজা করেছি এ কয়েকদিন। এবার নিরাপদভাবেই পূজা উদযাপন করতে পেরেছি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সবার সম্মিলিত সহযোগিতায় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে : চসিক মেয়র
চট্টগ্রাম ব্যুরো জানায়, সবার সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীর পূজা উদযাপন কমিটি, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছিল। উৎসবের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ ও মতবিনিময় করা হয়েছে। সবার আন্তরিকতা ও সহযোগিতার কারণেই উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা রাকারী বাহিনী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
গতকাল বুধবার বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে আয়োজিত প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম ঐতিহাসিকভাবেই বহুধর্মীয় সংস্কৃতি, সম্প্রীতি ও সহাবস্থানের নগরী। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করছেন। একে-অপরের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই এই সামাজিক বন্ধন আরো শক্তিশালী হয়। একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসবকে অন্য সম্প্রদায়ের মানুষের আনন্দের অংশ করে নিতে পারলে পারস্পরিক আস্থা বাড়বে এবং সামাজিক বিভাজন কমবে।
তিনি বলেন, দুর্গোৎসবের সফল সমাপ্তি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক দৃষ্টান্ত। এই সহযোগিতার ধারাবাহিকতা সারা বছর বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলেও সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার চর্চা অব্যাহত রাখতে হবে। সব ধর্মের মানুষের নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন ভবিষ্যতেও সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে কাজ করবে।
অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট নিখিল নাথ। অনুষ্ঠান পরিচালনা করেন অঞ্জন দত্ত।
চট্টগ্রামে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
চট্টগ্রাম নগরে বিজয়া দশমী উপলক্ষে সকালে পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন পূজামণ্ডপ থেকে বিকেলে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
নগরীতে প্রতিমা বিসর্জনের প্রধান আয়োজন করা হয় পতেঙ্গা সমুদ্রসৈকতে। এ ছাড়া অভয়মিত্র ঘাট, কালুরঘাটসহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এ উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি দেবী দুর্গাকে বিদায় জানানোর আবেগঘন মুহূর্ত তৈরি হয়।
এবার চট্টগ্রাম মহানগরে ২৯৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম জেলায় মহানগরসহ মোট ১ হাজার ৭৫৯টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগরের ২৯৪টি এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ৪৬৫টি পূজামণ্ডপ রয়েছে।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। ধর্মীয় রীতি মেনে বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন ভক্তরা।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








