
দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না স্পেন। উল্টো সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল চেকিয়া। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উয়েফা নেশন্স লিগে চেকিয়ার মাঠে খেলতে নেমে ২-০ গোলের জয় পায় লুইস দে লা ফুয়েন্তের দল। প্রথমার্ধে আলেক্স বায়েনার গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের শেষ মিনিটে মার্ক পুবিলের গোলে জয় নিশ্চিত হয় স্পেনের।
এই জয়ে নেশনস লিগে পাঁচ ম্যাচের সব কটিতেই জিতল স্পেন। ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি স্পেনের টানা দ্বাদশ জয়। টানা অপরাজিত থাকার রেকর্ডও বেড়ে দাঁড়িয়েছে ৪৩ ম্যাচে।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখে খেলতে থাকে স্পেন। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বায়েনা। চেকিয়ার ডি-বক্সে লুকাস আমব্রোশের হাতে বল লাগার পর ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদে ভুল করেননি বায়েনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। গোলরক্ষক উনাই সিমনের লম্বা কিক ধরে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে জালে বল পাঠান ইয়েরেমি পিনো। তবে অফসাইডের কারণে ভিএআরে গোলটি বাতিল হয়।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে চেকিয়া। ৫৬তম মিনিটে লাদিস্লাভ ক্রেইচির উঁচু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮তম মিনিটে হিওজেকের হেড ক্রসবারে লেগে ফিরে এলে সমতায় ফেরার আরেকটি সুযোগ হারায় স্বাগতিকরা।
এর চার মিনিট পরই বড় ধাক্কা খায় চেকিয়া। স্পেনের নিশ্চিত গোলের সুযোগ ঠেকাতে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ক্রেইচি। ফলে ম্যাচের শেষ অংশ খেলতে হয় ১০ জন নিয়ে। অক্টোবরে স্পেনের বিপক্ষে প্রথম লেগেও লাল কার্ড দেখেছিলেন এই ডিফেন্ডার।
একজন বেশি নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। পেদ্রো পোরোর বদলি হিসেবে নামা পুবিল জালে বল পাঠিয়ে নিশ্চিত করেন দলের জয়।
জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল। গত সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে এই প্রতিযোগিতাতেই প্রথম গোলটি করেছিলেন তিনি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। একই দিনে চেকিয়ার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








