
মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। দীর্ঘ দুই মাস ধরে নজরদারীর পর অভিযান চালিয়ে ৩০ কেজি শিশা উদ্ধার করে আমদানিকারকসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মেহেদি হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতররা হলেন বিক্রেতা মো: সোলায়মান আহমেদ শুভ (৩১), আমদানিকারক মো: মেহেদী হাসানকে (৪৬) ও মো: শাকিল আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে ঢাকার ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো: মেহেদী হাসানের নেতৃত্বে রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডে অবস্থিত একটি ভবনে এএস সুন্নাহ নামে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির ভেতরে থাকা সোলায়মান আহমেদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে প্রতিষ্ঠানের ভেতরে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা আল-ফখর ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের মাধ্যমে তিনি শিশা সংগ্রহ করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। এ সময় শিশা সরবরাহের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
পরবর্তীতে শাকিলের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর-১১ এলাকায় ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মেহেদী তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিলের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে পরবর্তীতে এসব শিশা সোলায়মানের কাছে পৌঁছাত।
গ্রেফতারদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনায় সালমান নিবিড় (২৬) নামে আরো একজনের সাথে শিশা ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমানসহ তারা দীর্ঘদিন পারস্পরিক যোগসাজশে অবৈধ শিশার কারবার পরিচালনা করে আসছেন এবং এ চক্রে আরো কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন। সালমানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে অধিকতর অনুসন্ধান চলছে। বিশেষ করে মসলার আড়ালে কিভাবে এসব পণ্য হংকং থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে ও আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আমদানি করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। চক্রের পলাতক সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মাদকের অবৈধ সরবরাহ ও বিপণন বন্ধে গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং এবং অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








