
লিবিয়ায় বাংলাদেশী এক নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং অর্থ আদায়ের ঘটনায় মানবপাচারকারী চক্রের সাথে জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। অন্যদিকে মুক্তির আশায় পাঁচ লাখ টাকা দিয়েও ছেলের সন্ধান মেলাতে পারেননি বাবা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো: ছুফি উল্লাহ বিশেষ একথা জানান। এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে দুই মানবপাচারকারীকে করা হয়।
গ্রেফতাররা হলেন ওই থানার চাঁদপুর এলাকার মরহুম মো: মোবারক হোসেনের ছেলে মো: মনোয়ার হোসেন (৪০) ও একই এলাকার মোহাম্মদ তাজউদ্দীনের ছেলে মো: সোহেল রানা।
তদন্তে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা মো: আব্দুস সামাদের (৭০) ছেলে মো: সাইফুল (৩৯) পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশী দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। কিন্তু প্রবাসে গিয়ে তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন। ৫/৮/২০২৫ তারিখ দুপুর ১২টার দিকে লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, সাইফুলকে তাদের হেফাজতে আটক রাখা হয়েছে। তাকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। অপহরণকারীরা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সাথে কথা বলতে দেয়া হবে না।
সন্তানের জীবন রক্ষার আশায় সাইফুলের পরিবার গত ১০/৮/২০২৫ তারিখ থেকে ২৫/০৮/২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকানের মাধ্যমে অভিযুক্তদের দেয়া একাধিক মোবাইল নম্বরে সর্বমোট পাঁচ লাখ টাকা পাঠায়। পরিবারের প্রত্যাশা ছিল, টাকা পরিশোধের পর অন্তত ছেলের সাথে কথা বলতে পারবে এবং তাকে ফিরে পাওয়ার পথ তৈরি হবে। কিন্তু পাঁচ লাখ টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি।
পরবর্তীতে সোহেল নামে একজন সাইফুলের স্ত্রীর সাথে যোগাযোগ করে জানায়, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে। এ আশ্বাস দিয়ে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে অন্য একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সাথে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের ব্যক্তিদের কাছে সাইফুল আটক রয়েছে এবং তাদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে। একদিকে ছেলের জীবন নিয়ে চরম উৎকণ্ঠা, অন্যদিকে একের পর এক মুক্তিপণের দাবি—সব মিলিয়ে অসহায় হয়ে পড়েন ৭০ বছর বয়সী বাবা। শেষ পর্যন্ত ছেলের সাথে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তার ও সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে আর কোনো কল আসেনি।
এ ঘটনায় প্রতারিত ও ছেলের জীবন নিয়ে শঙ্কিত বাবা মো: আব্দুস সামাদ সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করে টিএইচবি, সিআইডি।
মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে সিআইডির একটি দল অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া বাজার এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি মো: মনোয়ার হোসেন ও মো: সোহেল রানাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মানব পাচারের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। এ ঘটনার নেপথ্যে থাকা দেশীয় ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারে সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারণা ও মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে সিআইডি বদ্ধপরিকর। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








