নীলফামারীতে যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

নীলফামারী প্রতিনিধি

Advertisement

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবরোধের কারণে ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। গতকাল বুধবার বেলা ১২টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সকাল ৮টা থেকে দারোয়ানী রেলস্টেশনে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। আন্দোলনকারীদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দু’টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।
আন্দোলনকারী জামিয়ার রহমান বলেন, ‘আমাদের এখানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরনো। আমরা চাই, এখানে অন্তত দু’টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেয়া হোক।’
নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ময়নুল হোসেন জানান, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেন আটকে রেখে আন্দোলন করছেন স্থানীয়রা। এতে ট্রেন চলাচলে বিঘœ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বিরা আমাতুল্লাহ।
মোবাশ্বিরা আমাতুল্লাহ আন্দোলনকারীদের বলেন, ‘পাকশির সাথে কথা বলেছি। তারা জানিয়েছে, নতুন স্টেশনমাস্টারদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষে বন্ধ রেলস্টেশনগুলোতে তাদের নিয়োগ দেয়া হবে। দারোয়ানী রেলস্টেশনে স্টেশনমাস্টার নিয়োগ করে ট্রেনের যাত্রাবিরতি চালুর বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে।’