
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ৪৫টি সার ডিলারশিপ নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দিয়েছে দলটি।
গতকাল বুধবার বেলা ১১টায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য রুহুল আমিন বলেন, ২০২৬ সালে জেলার চার উপজেলায় ৪৫টি ডিলারশিপের বিপরীতে ৬৪২টি আবেদন জমা পড়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের ডিলারশিপ দেয়ার চেষ্টা চলছে। এতে যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরে নেতারা বলেন, নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন, আবেদনকারীদের যোগ্যতা ও মূল্যায়নের মানদণ্ড প্রকাশ, চূড়ান্ত ফলাফল উন্মুক্ত করা এবং বঞ্চিত আবেদনকারীদের অভিযোগ জানানোর সুযোগ দিতে হবে। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।
নেতারা বলেন, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও কৃষি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








