
ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে রাখা হয়েছে জাতীয় দলের কিপার-ব্যাটার জাকের আলি অনিককে, আছেন শামীম হোসেন পাটোয়ারিও। চলমান জাতীয় লিগের বিভিন্ন বিভাগের হয়ে পারফর্ম করা ক্রিকেটারদের রাখা হয়েছে স্কোয়াডে। আজ ও কাল বসুন্ধরার আনভির ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। মূলত দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে সফরকারী ক্যারিবিয়ানদের প্রস্তুতির সুবিধা দিতেই এই আয়োজন।
স্বাভাবিকভাবে স্বাগতিক বোর্ড এসব ম্যাচে সফরকারী দলকে মূল ম্যাচের আবহ দিতে চায় না। সফরকারী দল যাতে কন্ডিশনের সুবিধা পুরোপুরি না পায় সে জন্য ঘরোয়া লিগের স্বীকৃত কোনো স্পিনারকে স্কোয়াডে রাখা হয়নি। বয়সভিত্তিক দলের দুই ক্রিকেটারকে নেয়া হয়েছে এই দলে। সুযোগ দেয়া হয়েছে তরুণ পেসারদের। আছেন সিলেট বিভাগের হয়ে চলতি লিগে প্রথম শ্রেণীতে অভিষেক হওয়া অনিক দেব বর্মণ, ঘরোয়া লিগে পারফর্ম করা আবদুল হালিম ও রংপুরের পেস অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
ময়মনসিংহ বিভাগের হয়ে দুই ফিফটি, এক সেঞ্চুরি করা মাহফিজুল ইসলাম রবিন আছেন দলে। আছেন আগ্রাসী ওপেনার জিসান আলম। জাতীয় দলের টি-২০ স্কোয়াড থেকে জায়গা হারানো শামীম হোসেন পাটোয়ারিকে সুযোগ দেয়া হয়েছে এই ম্যাচে।
২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রথম টেস্ট। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।
বিসিবি একাদশ : মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকি এলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলি অনিক, এস এম মেহরব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন পাটোয়ারি, আবদুল হালিম, অনিক দেব বর্মণ, ফাহাদ হোসেইন, হোসেইন (অনূর্ধ্ব-১৯), সান (অনূর্ধ্ব-১৯)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








