
ক্রীড়া প্রতিবেদক
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক এবার বাংলাদেশ ও নেপাল। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। সিলেটে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। ৬ ফেব্রুয়ারি ফাইনাল হবে চট্টগ্রামে। ফাইনালের পাশাপাশি ৪ ফেব্রুয়ারি দু’টি সেমিফাইনালও চট্টগ্রামে হবে। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু ফাইনাল ও সেমিফাইনালের জন্য।
‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন ম্যাচই হবে সিলেটে। আরব আমিরাতের মুখোমুখি হওয়ার পর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৫ জানুয়ারি গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ নাইজেরিয়ার বিপক্ষে। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা।
নেপালের কীর্তিপুর ও মূলপানিতে গ্রুপ পর্ব ও সুপার সিক্সের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে বাংলাদেশের দু’টি ভেনু এবং নেপালের দু’টি ভেনুতে এই বিশ্বকাপের মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ দিনের এই টুর্নামেন্টে সিলেটে ১২টি ও চট্টগ্রামে হবে ১৪টি ম্যাচ। মূলপানিতে ৮টি ও কীর্তিপুরে সাতটি ম্যাচ হবে।
টুর্নামেন্টে উদ্বোধনী দিনে মোট আটটি দল মাঠে নামবে। সিলেটে ও মূলপানিতে দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধনী দিনে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট এবং বেলা ১টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। টুর্নামেন্টে অংশ নেয়া ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, আরব আমিরাত ও নাইজেরিয়া। প্রথম দু’টি আসরের চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে আয়ারল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের সাথী। ‘বি’ গ্রুপে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড, সামোয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ‘ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্সের টিকিট। ‘এ’ ও ‘ডি’ গ্রুপে তিনটি করে মোট ছয় দল নিয়ে হবে সুপার সিক্সে একটি গ্রুপ। ‘বি’ ও ‘সি’ গ্রুপে তিনটি করে মোট ছয় দল নিয়ে হবে সুপার সিক্সের আরেকটি গ্রুপ। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। সুপার সিক্সে দু’টি করে ম্যাচ খেলবে সব দল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








