সামর্থ্য যেখানে সমর্থন করে না

ক্রীড়া প্রতিবেদক
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ৩৪ গোলের সেই ব্যবধান দুই দলের শক্তির পার্থক্যটাই স্পষ্ট করে দিয়েছিল। আজ বেলা ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সেই ভারতের বিপক্ষেই শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। বাংলাদেশের সামর্থ্য যেখানে ভারতে বিপক্ষে সমর্থন করে না। ব্যবধান কমানোই স্বাগতিকদের লক্ষ্য।
ফাইনালের আগে গতকাল অনুশীলনে ভারতের দ্রুত আক্রমণ সামলানো ও বলের দখল ধরে রাখার কৌশল নিয়ে কাজ করছেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। তার মতে ভারতকে ফাস্ট ব্রেকের সুযোগ কম দিতে পারলেই প্রতিদ্বন্দ্বিতা গড়ার সম্ভাবনা বাড়বে। আলোনসো বলেন, ‘আমার চোখে, ভারত পুরো ৬০ মিনিট দ্রুত গতিতে খেলার মতো সক্ষম ছিল। আর ফাস্ট ব্রেকে যখন ওরা ছুটে আসছিল, আমরা ওদের আক্রমণ থামাতে পারিনি। তাই আমার কাছে মূল বিষয় হলো ভারতকে যেন ফাস্ট ব্রেকে যাওয়ার সুযোগ না দেয়া হয়।’
ভারতের সাথে ব্যবধান কমাতে আক্রমণে ভুল কমানোর ওপরও জোর দিচ্ছেন আলোনসো। তার বিশ্বাস, পুরো ৬০ মিনিট লড়াই করতে পারলে ফলের সম্ভাবনাও তৈরি হবে। তবে সে জন্য বাংলাদেশের আরো অনুশীলন ও আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করেন তিনি। ভারত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তার পরও নিজেদের উন্নতির ব্যাপারে আশাবাদী কোচ। ‘আমার বিশ্বাস আগের ম্যাচের চেয়ে আমরা আরো ভালো করতে পারব। সমানতালে লড়াই করতে পারব বলেই মনে করি। লক্ষ্য- আরো ভালো খেলা এবং নিজেদের সেরাটা উজাড় করে দেয়া।’
বাংলাদেশের খেলোয়াড় মাসুদা আক্তার বলেন, ‘আমরা যদি আগের ভুলগুলো সংশোধন করতে পারি অবশ্যই কালকে (আজ) আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব। আমরা সবাই যদি সবার বেস্টটা ট্রাই করি, অবশ্যই একটা ভালো রেজাল্ট করব। ওদের বিপক্ষে যেমন গোল খেয়েছিলাম, এবার সেটার পুনরাবৃত্তি হয়তো হবে না।’
দলের আরেক খেলোয়াড় আছিয়া আক্তারের চাওয়াও একই- ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সমন্বয়ে নিজেদের সেরাটা দেয়া। ভারতের শক্তিমত্তা জানা থাকলেও লড়াইয়ে পিছিয়ে থাকতে চান না তারা। শিরোপার মঞ্চে যত কম ভুল করা যায়, ততই মঙ্গল।
মালদ্বীপকে হারিয়ে নেপালের ব্রোঞ্জপদক
আইএইচএফ নেশনস ট্রফি থেকে খালি হাতেই ফিরল দক্ষিণ এশিয়ার মালদ্বীপ। নেপালের কাছে হার ২৭-১৫ গোলে। ছয় গোল করে ম্যাচ সেরা হন উমা রায়। লিগ পর্বেও মালদ্বীপকে ২৭-১৮ গোলে হারিয়েছিল নেপাল। তবে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়।

Advertisement