
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের রুশপন্থী সাবেক প্রধানমন্ত্রীর এক সহযোগী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, সেন্ট পিটার্সবার্গে আরেকটি বিস্ফোরণে রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দক্ষিণ মস্কোতে এ বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৭২ বছর বয়সী সের্গেই জাভোরোতনি গুরুতর আহত হন।
এর আগে, বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার বিমান বাহিনীর এক কর্নেল নিহত হন।
স্থানীয় সংবাদমাধ্যম ‘ফনতাঙ্কা’ জানিয়েছে, এক সন্দেহভাজন ব্যক্তি কয়েক মাস ধরে ওই সামরিক কর্মকর্তার গতিবিধির ওপর নজর রেখেছিল এবং পরবর্তীতে গাড়িতে একটি বোমা স্থাপন করেছিল বলে অভিযোগ রয়েছে।
রুশ গণমাধ্যমের তথ্যমতে, বিস্ফোরণে জাভোরোতনি তার বাম হাত হারিয়েছেন। এছাড়া তার পাঁজরের হাড় ভেঙে গেছে, মস্তিষ্কে আঘাত লেগেছে এবং শরীরের অন্যান্য অংশেও আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে কৃত্রিমভাবে কোমায় রাখা হয়েছে।
এই বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে ।
ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী মাইকোলা আজারভের উপদেষ্টা ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন জাভোরোতনি। ২০১৪ সালে ইউক্রেনে মাইদান বিপ্লবের পর আজারভ পালিয়ে রাশিয়ায় চলে যান।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের সিনেট গোয়েন্দা কমিটির একটি প্রতিবেদনে তাকে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছিল, যিনি বিভিন্ন দেশে রাশিয়ার প্রভাব বিস্তারের কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।
সূত্র : দ্য নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








