
ক্রীড়া প্রতিবেদক
ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সামনে ছিল বড় ব্যবধানে জয়ের কঠিন সমীকরণ। কিন্তু শুরুতেই টপ অর্ডারের ব্যর্থতায় সেই লক্ষ্য অর্জনের পথ আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। সিরিজে টিকে থাকার গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়, সপ্তম ও ৪২তম ওভারটি কাল হয়ে দাঁড়ায় লাল সবুজ ব্যাটারদের জন্য। এই তিনটি ওভারেই দু’টি করে উইকেট হারায়। আর রশিদ খানের ঘুর্ণিতে ৪ উইকেট পড়ে যায় টপাটপ। সাইফ হাসান ৪১, শান্ত ১৫ ও পারভেজ হোসেন ইমনের ৭০ রান ছাড়া বাকি সবাই এক অঙ্কের ঘরে সাজঘরে ফিরেন। এর মধ্যে চারজন ফিরেন খালি হাতে। শেষ পর্যন্ত ৫০ ওভারও খেলতে পারেনি। ৪১.২ ওভারে ১৬০ রানই বাংলাদেশের পুঁজি। আফগানদের জিততে হলে করতে হবে ১৬১ রান। বলতে গেলে সিরিজ হাতছাড়া টাইগারদের।
সাত ওভারের মাথায় মাত্র ২৮ রানেই নেয় বাংলাদেশের ৪ উইকেট। ব্যাট হাতে বাজে শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম পাওয়ার-প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮ রান। বাংলাদেশকে কিছুটা সামাল দেয়ার চেষ্টা করেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তানজিদ হাসান তামিম ১ রান করে ফিরলে পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন সৌম্য সরকার। সপ্তম ওভারে ফিরেন নাজমুল হোসেন শান্ত (১৫) ও তৌহিদ হৃদয় (০)। এরপর শান্ত মেজাজে খেলতে থাকেন ওপেনার সাইফ ও মিডল অর্ডার ব্যাটার ইমন। লম্বা পথ পাড়ি দেয়ার আশা তৈরি করেন। মোহাম্মদ নবীর বলে ৩১.৩ ওভারে দলীয় ১২১ রানে ব্যক্তিগত ৪১ রানে সাজঘরে ফিরেন সাইফ।
এরপরই ইমন তুলে নেন হাফসেঞ্চুরি (৭৫ বলে চারটি চার এক ছক্কা)। অসুস্থতা কাটিয়ে দলে ফেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ২ রান করে বিদায় নিলে ইমনকে সঙ্গ দেন শরিফুল। রশিদ খানের বলে বোল্ড হয়ে ৭ রানে ফিরেন তিনি। অভিষিক্ত আলিস আল ইসলাম ক্রিজে এসে ৪ বল খেলার পর সেই রশিদ খানের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ৭০ রানে ফিরেন ইমন। ৯৬ বলে ৫ চার ও দুই ছক্কায় ওই রান করেন তিনি। ৩৯.২ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৫৬।
রশিদের বলে আলিস ১০ বল খেলে ফিরেছেন শূন্য হাতে। পরের বলেই গোল্ডেন ডাক মেরে ফিরেন মোস্তাফিজুর রহমান। তাসকিন দুই রানে থাকলেন অপরাজিত। ৪১.২ ওভারে বাংলাদেশ গুটিয়ে গেল ১৬০ রানে। রশিদ খান ৪টি, আজমতউল্লাহ ওমরজাই, ইয়ামিন আহমজাই দু’টি করে, বিলাল সামি ও মোহাম্মদ নবী একটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইনিংস : ৪১.২ ওভারে ১৬০ (সাইফ ৪১, তানজিদ ১, সৌম্য ০, শান্ত ১৫, তৌহিদ ০, ইমন ৭০, মিরাজ ২, শরিফুল ৭, আলিস ০, মোস্তাফিজ ০, তাসকিন ২*, ওমরজাই ২/২৭, আহমদজাই ২/২১, রশিদ ৪/৩১)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








