
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে চার সহযোগীসহ আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল। তার নাম অনিক দাশ। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইন্সে কর্মরত। বর্তমানে ছুটিতে রয়েছেন। মঙ্গলবার নগরের খুলশী এলাকা থেকে তাদের আটক করে খুলশী থানা-পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, বান্দরবানের এক পুলিশ কনস্টেবল ও চার সহযোগীকে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় আটক করা হয়েছে।
গ্রেফতার অপর তিনজন হলেন- ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন (৩৯), মহিউদ্দিন সেলিম (৫২) ও মোহাম্মদ ওয়াহেদ নাছির (৩৮)।
খুলশী থানার ওসি কামরুজ্জামান বলেন, ১৭ অক্টোবর রাত দেড়টার দিকে মারুফুর রহমান অপু (২২) নামের এক যুবক তার বন্ধুদের সাথে মোটরসাইকেলে কক্সবাজার যাচ্ছিলেন। খুলশী থানার জাকির হোসেন রোডে ফয়েজ লেক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে একটি মেরুন রঙের প্রাইভেট কার ও দু’টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন তার পথ আটকান। এ সময় তারা অপুকে মারধর করে মোটরসাইকেলটি ছিনতাই করেন।
খুলশী থানা-পুলিশ জানায়, পরে অনিক দাশ নামের এক ব্যক্তির ফেসবুক আইডিতে মোটরসাইকেল বিক্রির একটি স্টোরি দেখতে পান ভুক্তভোগী। মেসেঞ্জারে যোগাযোগের পর মোটরসাইকেলটির দাম পঁচ লাখ ৩০ হাজার টাকা ঠিক হয়। অগ্রিম পাঁচ হাজার টাকাও দেন তিনি। পরে মোটরসাইকেল হস্তান্তরের জন্য তাকে বায়েজিদ লিংক রোডের মুখে পুলিশ বক্সের সামনে যেতে বলা হয়। ২০ অক্টোবর সেখানে অভিযান চালিয়ে অনিক দাশকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








