
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে মধ্যরাতে বাসা থেকে বের হয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে দুই শিশু। একই সময়ে এই শিশু পুলিশেকে ঘুরিয়েছে চার কিলোমিটার।
সূত্র জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লায় কোল বালিশ, কাঁথা দিয়ে ঢেকে বাবা মাকে ফাঁকি দিয়ে মঙ্গলবার রাত ১১টায় বাসা থেকে বের হয়ে যায় নূর (৭) ও তানহা (১২) নামে দুই কন্যাশিশু। তাদের উদ্দেশ্য ছিল পায়ে হেঁটে খালার বাড়ি কুমিল্লা যাবে। বাড়ি থেকে চার কিলোমিটার দূরে গিয়ে পথ হারিয়ে ফেলে তারা। এরপর রাত ১২টায় ফতুল্লা থানা পুলিশের টহল টিম কান্না শুনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, রাত ১২টায় দুই শিশুকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কান্না করতে দেখে তাদের কাছে যাই। এরপর তাদের পরিচয় জানতে চাইলে তাদের নাম আর বাবার নাম ছাড়া কিছুই বলতে পারে না। শুধু ওই দিক থেকে আসছে বলতে পারে।
কেন আসছো জানতে চাইলে শিশু তানহা বলে, নূর তার চাচাতো বোন। তাকে নিয়ে পায়ে হেঁটে তার খালার বাড়ি কুমিল্লা যাবে। তখন থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি জানালে তিনি শিশুদের বাড়ি খোঁজার চেষ্টা করতে বলেন। এরপর শিশুদের দেখনো মতে ফতুল্লার সস্তাপুর কায়েমপুর, ইসদাইর এলাকাসহ অন্তত সাত/আট কিলোমিটার পায়ে হেঁটে খুঁজি।
ভোর ৪টায় ১২ বছর বয়সী শিশুকন্যা তার স্কুলের নাম বলে। এরপর ফতুল্লার উত্তর মাসদাইর গ্লোরি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে নিয়ে গেলে সে তার বাসা দেখিয়ে দেয়। তারা স্বপরিবারে উত্তর মাসদাইর সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
এসআই শামীম জানান, শিশুদের বাসায় গিয়ে দেখা যায় তাদের বাবা মা গভীর ঘুমে। ডেকে উঠানোর পর জানতে চাওয়া হয় তাদের শিশুকন্যা কোথায়। তখন বাবা মা ঘরে গিয়ে দেখেন কোল বালিশের ওপর কাঁথা দিয়ে ঢাকা কিন্তু সন্তান নেই। এ দৃশ্য দেখেই বাবা মা উচ্চ শব্দে কান্না করতে থাকেন।
এতে আশপাশের লোকজন ঘুম থেকে উঠে এসে ভিড় জমায়। এরপর দুই শিশুকে তাদের বাবা মায়ের হাতে তুলে দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








