
নিজস্ব প্রতিবেদক
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো: ছুফি উল্লাহ। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে সিআইডির একটি দল মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে সোহাগ ফকিরকে (৩৮) গ্রেফতার করে। তিনি আব্দুল হালিম ফকিরের ছেলে। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দির ২ নম্বর ওয়ার্ডে। এ সময় তার হেফাজত থেকে দু’টি স্মার্টফোন জব্দ করা হয়।
এর আগে গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা করা হয়। মামলা নম্বর-৭। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৫০-এর ৪/৫/৯(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়।
পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ আরো বলেন, মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








