
রাজশাহী ব্যুরো
রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এ-সংক্রান্ত আদেশ জারির পর একই দিন তিনি রাজশাহী ত্যাগ করেন। তার স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলিপূর্বক পদায়ন ও সংযুক্ত করা হয়। তবে আদেশে এ সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। রাজশাহীতে জনসভাসহ বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টার দিকে একই ফ্লাইটে তিনি রাজশাহী ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সাথে তার হাত মেলানোর একটি দৃশ্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। প্রধানমন্ত্রী তাদের সাথে হাত মেলাচ্ছিলেন। একপর্যায়ে তিনি বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর দিকে হাত বাড়ান। এ সময় ইউসুফ আলী এক ধাপ এগিয়ে যান। হাত মেলানোর সময় তিনি অন্য হাত দিয়ে পেছন থেকে প্রধানমন্ত্রীকে স্পর্শ করার চেষ্টা করেন। এ সময় প্রধানমন্ত্রীকে কিছুটা পিছিয়ে যেতে দেখা যায়।
ভিডিওতে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য স্পষ্টভাবে শোনা যায় না। তবে এ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা ধরনের আলোচনা ও লেখালেখি হচ্ছে। ইউসুফ আলীর এ আচরণ নির্ধারিত ভিআইপি প্রটোকলের ব্যত্যয় হিসেবে বিবেচিত হয়েছে কি না- সে প্রশ্নও উঠেছে।
তবে এ ঘটনার সাথে তার বদলির সিদ্ধান্তের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








