
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান কাজ। সরকার তা করতে দিচ্ছে না। এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়ন করার, অন্যথায় জনগণকে সাথে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেয়া ছাড়া বিকল্প থাকবে না।
গতকাল সকালে রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতিরঝিল থানা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত ছোট ছোট শিশুরাও অকাতরে জীবন দিয়েছে। আবু সাঈদের বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে থাকার এমন ইতিহাস পৃথিবীতে খুব কম। এর বিনিময়ে যে রাষ্ট্রীয় সংস্কার হওয়ার কথা ছিল, তা কিছুই হয়নি। বরং সরকারি দল বিষয়টি পাশ কাটিয়ে নানা কথামালা দিয়ে জাতিকে ভোলানোর চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
ইসলামী ছাত্রশিবির হাতিরঝিল থানা সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও থানা ক্রীড়া সম্পাদক আরিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী ও হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত নেতা মনির হোসাইন, আজগর হোসেন, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
মোট আটটি দল নিয়ে শুরু হওয়া জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্বে তারুণ্য একাদশ প্রতিপক্ষ পাওয়ার টাইটান্সকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








