ডা. তাহেরের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহেরকে জড়িয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডিতে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের দুর্গাপূজাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোরে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন। তার নামে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডিতে দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও : জামায়াত নেতা তাহের লেখাসংবলিত যে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে, তা মিথ্যা ও ভুয়া। আমি এটির নিন্দা জানাই এবং দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। 
বিবৃতিতে তিনি আরো বলেন, সবাইকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বানোয়াট এসব কর্মকাণ্ডের মাধ্যমে যারা সামাজিক মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের বিতর্কিত ও সম্মানহানির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি। 
নাটোরে সড়ক দুর্ঘটনার জন্য শোক : এ দিকে গতকাল ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর পাবনা-মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, নাটোরের বনপাড়ায় নাটোর পাবনা-মহাসড়কে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহর কাছে নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।  

Advertisement