
গাজীপুর মহানগর প্রতিনিধি
দেশের উচ্চশিক্ষার বিস্তার, আঞ্চলিক বৈষম্য হ্রাস ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ৩৫ বছরে পদার্পণ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ বুধবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্তমানে দেশের ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ পরিচালিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়।
১৯৯২ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। পরদিন গেজেট প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এর প্রতিষ্ঠা আনুষ্ঠানিকতা পায়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ের কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশেষ করে মধ্যবিত্ত, নি¤œমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের জন্য উচ্চশিক্ষার দুয়ার উন্মুক্ত করতে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক লাখেরও বেশি শিক্ষক কর্মরত রয়েছেন। এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত স্নাতক ডিগ্রি নিয়ে দেশে-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন এক কোটিরও বেশি গ্র্যাজুয়েট।
এ দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এ ছাড়া মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের প্রধান ফটক এবং ভবনগুলোতে ব্যানার স্থাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে দোয়ারও আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








