
নিজস্ব প্রতিবেদক
জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার তামাশা করছে এবং জুলাই চেতনা ও জনগণের কাছে দেয়া অঙ্গীকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। গতকাল সকালে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
সরকারের সমালোচনা করে আব্দুল হালিম বলেন, একই দিনে দেশে দু’টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি নির্বাচনের মাধ্যমে এমপি হয়েছেন, প্রধানমন্ত্রীও হয়েছেন। অথচ রংপুরে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছেন। কিন্তু এখন জনগণের প্রত্যাশা পূরণের পরিবর্তে সরকার তামাশা করছে। জনগণের সাথে এমন আচরণ চলতে থাকলে মানুষ তা রুখে দাঁড়াবে, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, জুলাইয়ের আকাক্সক্ষা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও অধিকারসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এ প্রত্যাশা বাস্তবায়নে কেবল সংশোধন নয়, কার্যকর সংস্কার প্রয়োজন। ছাত্র-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের বৈষম্যবিরোধী আকাক্সক্ষাকে ধারণ করে বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচারের দোসররা গার্মেন্ট শ্রমিকদের সাথে নিয়ে রাজপথে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করে আগামীতে বিরোধীদল ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, পরিবহন ফেডারেশনের সহসভাপতি আব্দুস সবুরসহ কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিভিন্ন নির্বাচিত সিবিএ নেতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








