
গ্যাস সঙ্কট কাটিয়ে উৎপাদনে ফিরলেও যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হচ্ছে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন।
সর্বশেষ ২৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কারখানা সূত্র জানায়, দীর্ঘ ছয় মাস গ্যাস সঙ্কটে উৎপাদন বন্ধ থাকার পর গত ১৫ সেপ্টেম্বর কারখানাটি চালু হয়। কিন্তু চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি মেরামত করে উৎপাদন শুরু হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। সর্বশেষ গত ১৭ অক্টোবর রাতে আবারো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় কারখানাটি। ২৭ দিন পর পুনরায় উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি।
উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান হচ্ছে বলে জানিয়েছে কারখানা সূত্র। স্বাভাবিকভাবে চালু থাকলে কারখানাটিতে দৈনিক প্রায় ৫০০ টন অ্যামোনিয়া ও এক হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪০ বছরের পুরোনো কারখানাটিতে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ে। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় চালু করতে দীর্ঘ সময় লাগে। এছাড়া পুরোনো যন্ত্রপাতির কারণে কারখানাটির উৎপাদন সক্ষমতাও আগের তুলনায় কমে গেছে।
বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ বলেন, কারিগরি ত্রুটি কাটিয়ে কারখানাটি চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হবে।
সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, ‘কারখানাটি প্রায় ৪০ বছরের পুরোনো। কবে কখন বন্ধ হয়ে যাবে, তার নিশ্চয়তা নেই। কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। ঠিকমতো উৎপাদন করতে পারলে চলতি অর্থ বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








