এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন। সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যের সাথে অনুসন্ধানে পাওয়া তথ্যে অসঙ্গতি দেখা গেছে। 

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পুড়ে যাওয়া বাড়িটিতে কেউ বসবাস করতেন না; সেখানে শুধু দু’টি ছাগল ছিল। তবে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেকে দেখা গেছে, বাড়িটিতে একটি পরিবার বসবাস করত। পরিবারটির চার সদস্যের মধ্যে দুই শিশুও ছিল।

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে কেউ না থাকা এবং শুধু ছাগলের ঘর পুড়ে যাওয়ার দাবিটি সত্য নয়। এছাড়া শর্ট সার্কিট হওয়ার অনুমানটিও সঠিক নয় বলে জানা যায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির তৈরি করা প্রতিবেদন থেকে।

দ্য ডিসেন্টের অনুসন্ধান অনুযায়ী, বাড়িটিতে গত পাঁচ-ছয় বছর ধরে শাহ আলম (৪৭), তার স্ত্রী আদুরী খাতুন (৩৯), মেয়ে রিক্তা (১৩) ও ছেলে আরিয়ানকে (৩) নিয়ে বসবাস করতেন। বুধবার রাতের আগুনে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায়। তাদের আসবাবপত্র, স্যান্ডেল তৈরির যন্ত্রপাতি, নগদ টাকা ও অন্যান্য মালামালও পুড়ে গেছে। শাহ আলমের মেয়ে ঘুম থেকে উঠে সবাইকে বের করে আনায় প্রাণে বেঁচে যায় পরিবারটি।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটের সম্ভাবনার কথা বললেও কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ লাইনে শর্টসার্কিটের কোনো ঘটনা ঘটেনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সার্ভিস ড্রপ ক্যাবল, ট্রান্সফরমারের ফিউজ ও মেইন সুইচের ফিউজ অক্ষত ছিল। শুধু মিটারের প্লাস্টিকের কভার বাহ্যিক আগুনে পুড়ে গেছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা মো: তোজাম্মেল হক প্রতিবেদনটি তাদের তৈরি বলে নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম মো: তোজাম্মেল হক তদন্ত কমিটির কাছে জমা দেয়া প্রতিবেদনে লিখেছেন, ‘নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি।’

তিনি ঘটনার বিবরণে লিখেছেন, ‘আগুনের ঘটনায় বিদ্যুৎ লাইনের মিটারে ব্যবহৃত সার্ভিস ড্রপ ক্যাবল অক্ষত অবস্থায় পাওয়া যায়। তাছাড়া ওই লাইনে ব্যবহৃত ট্রান্সফর্মারের ফিউজ কাটেনি। শুধুমাত্র মিটারের প্লাস্টিক কভার পুড়ে যায় বাহ্যিক আগুনের কারণে।’

তিনি আরো লিখেন, ‘তাছাড়াও, গ্রাহক প্রান্তে ব্যবহৃত মেইন সুইচ এর কাট আউটে ব্যবহৃত ফিউজ কাটেনি। ফিউজ এর  অ্যাম্পিয়ার রেটিং আনুমানিক ৩ (তিন)  অ্যাম্পিয়ার হবে। উপরোক্ত বিষয় গুলো বিবেচনা করলে দেখা যায় বিদ্যুৎ সরবরাহ প্রান্ত হতে শর্ট সার্কিটের কোনো ঘটনা ঘটেনি।’

তদন্ত প্রতিবেদনের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দ্য ডিসেন্ট কুষ্টিয়ার প্রাগপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো: তোজাম্মেল হকের সাথে যোগাযোগ করে। তিনি বলেন, ‘লেখাগুলো আমারই। আমরা আমাদের এন্ড থেকে তদন্ত কমিটির কাছে প্রতিবেদন জমা দিয়েছি। এটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে গেল সেটা আমি জানিনা।’

দ্য ডিসেন্ট বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছে, বুধবার রাত ১২টা ১৫ মিনিট ০৫ সেকেন্ডে বাড়ির পেছনে হঠাৎ আগুনের গোলা উঠতে দেখা যায়। এসময় আগুনের একটি বিস্ফোরণে বাড়ির পিছনের চারপাশ আলোকিত হয়ে যেতে দেখা যায়। এরপর আগুন অদৃশ্য হয়ে যায় এবং ১৫ মিনিট ৪৫ সেকেন্ডে আরেকটি বিস্ফোরণ ঘটতে দেখা যায়। এর দুই সেকেন্ড পরে আরেকটি বিস্ফোরণে চারপাশ আলোকিত হয়ে উঠে। এরপর ৫৮ সেকেন্ডে আরেকটি বিষ্ফোরণ দেখা যায়। এরপর ১২টা ১৫ মিনিট ০৬ সেকেন্ডে চতুর্থ বিস্ফোরণ দেখা যায়। 

এ সময় বাড়ি থেকে আগুনে জ্বলতে থাকা বাড়ি থেকে শাহ আলমের মেয়ে রিক্তা খাতুনকে তার ছোটো ভাই আরিয়ানকে কোলে নিয়ে দৌড়ে বের হতে দেখা যায়। 

নুসরাত তাবাসসুমদের প্রতিবেশী মোসাম্মৎ পপি আক্তার দ্য ডিসেন্টকে বলেন, ‘যখন সবাই বের হয়েছে আগুন নিভাইতে, তখন আমরাও সব দেখছি।  তখন এখানে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা ঘুমিয়ে ছিলাম কিছু টের পাইনি। এরপর আগুন দেখে সবাই ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে।’

নুসরাত তাবাসসুম ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন। তার দাবি, অগ্নিকাণ্ডের আগে তিনি একাধিক হুমকি পেয়েছেন। গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরিও করেন। তার অভিযোগ, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুষ্টিয়া জেলা সভাপতি মীর আহসানুল হাসান অভির ফেসবুক আইডি থেকে হুমকিমূলক পোস্ট দেয়া হয়েছিল।

অগ্নিকাণ্ডের পর অভির ফেসবুক পোস্টে নুসরাতকে কুষ্টিয়ায় দাফন করতে না দেয়াসহ বিভিন্ন হুমকি দেয়া হয়। বৃহস্পতিবারের আরেক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাড়িঘরে ভাঙচুর ও আগুনের ঘটনার জবাব দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগুন লাগানো হয়েছে নাকি দুর্ঘটনাবশত লেগেছে, তা খতিয়ে দেখতে যৌথ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তবে দ্য ডিসেন্টের অনুসন্ধানে বাড়িটি পরিত্যক্ত থাকার দাবি এবং শর্টসার্কিটের ধারণার সাথে বাস্তব তথ্যের অসঙ্গতি পাওয়া গেছে।

সব মিলিয়ে, বাড়িটিতে একটি পরিবার বসবাস করত এবং বিদ্যুৎ বিভাগের প্রতিবেদনে শর্টসার্কিটের প্রমাণ মেলেনি। তবে আগুনের প্রকৃত কারণ, পেট্রোলবোমা ব্যবহার এবং এর পেছনে কারা জড়িত—তা এখনো তদন্তসাপেক্ষ।

সূত্র : দ্য ডিসেন্ট