কৃষি মন্ত্রণালয়
কৃষি মন্ত্রণালয়। নয়া দিগন্ত গ্রাফিক্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল সার-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। ভিডিওটি চলতি বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারে অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজ নামের সার ডিলার প্রতিষ্ঠানে ভেজাল সার জব্দের ঘটনার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত আগস্টে তাৎক্ষণিকভাবে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া একটি ঘটনাকে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ওই ভিডিও ও পোস্টে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে প্রচারিত তথ্য সম্পূর্ণ অসত্য। কৃষি মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে।

মন্ত্রণালয় জানায়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান পরীক্ষা করা হয়। এছাড়া সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয়।

সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। বাসস