
পোশাকশিল্পে মজুরি বোর্ড পুনর্গঠন ও বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে গার্মেন্ট ফেডারেশন ঐক্য পরিষদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা মির্জা আল শামীম। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো: মোস্তফা ও সদস্যসচিব অরবিন্দু বেপারী বিন্দাসহ কেন্দ্রীয় নেতারা। বক্তব্য শেষে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
নেতারা বলেন, শ্রমিকের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ইতিবাচক ভূমিকা রাখছে। শ্রম আইন সংশোধন করে প্রতি পাঁচ বছরের বদলে তিন বছর পর পর মজুরি বোর্ড গঠনের বিধান করা হয়েছে। চলতি অক্টোবর মাসের মধ্যেই এই বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
তবে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গার্মেন্ট খাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা। তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর পোশাক খাতকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সমর্থিত কয়েকটি শ্রমিক সংগঠন উসকানি দিচ্ছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার উত্তরায় বহিরাগতদের দিয়ে ভাঙচুর, রাস্তা অবরোধ ও আইনশৃঙ্খলাবাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। ঐক্য পরিষদের নেতারা এ ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মজুরি বোর্ড গঠনের আগেই এমন সহিংসতা দেশের পরিবেশ ঘোলাটে করবে এবং শ্রমিকের কাক্সিক্ষত বেতন বৃদ্ধির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। তাই অবিলম্বে এসব ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








